রিজার্ভে স্বস্তি, ডলারের ঊর্ধ্বমুখী দামে বাড়ছে চাপ
ফাইল ছবি
বর্তমান বিএনপি সরকার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিজনক পর্যায়ে নিতে পারলেও ডলারের বিনিময় হার এখনো কিছুটা ঊর্ধ্বমুখী। বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম বাড়লেই তা অর্থনীতির জন্য নেতিবাচক হবে, এমন নয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং রমজান সামনে রেখে খাদ্যপণ্যের আমদানি বাড়ায় ডলারের ওপর চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন তারা।
৫ আগস্টের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কতটা নিচে নেমেছিল, তা নিয়ে একসময় অস্পষ্টতা ও তথ্য গোপনের অভিযোগ ছিল। সে সময় বিভিন্ন দাতা সংস্থার তথ্য অনুযায়ী, দেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের প্রচেষ্টায় সেই সংকট কাটিয়ে রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে।
রিজার্ভের এই স্বস্তিদায়ক অবস্থার মধ্যেও ডলারের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ব্যাংকগুলোতে বর্তমানে প্রতি ডলার ১২৫ টাকার মধ্যে পাওয়া গেলেও খোলাবাজারে কয়েক টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় মেটাতে অতিরিক্ত ডলারের প্রয়োজন হচ্ছে। পাশাপাশি রমজান সামনে রেখে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের আমদানি বাড়ায় ডলারের চাহিদাও বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ তৈরি হচ্ছে।
তারা বলছেন, ডলারের বিনিময় হার বাড়লে আমদানিকারকদের খরচ বাড়লেও রপ্তানিকারকরা তুলনামূলক বেশি টাকা পান। ফলে ডলারের দাম কিছুটা বেশি থাকা রপ্তানিমুখী শিল্পের জন্য সুবিধাজনক হতে পারে। তবে বিনিময় হার যেন অতিরিক্ত অস্থিতিশীল না হয়ে পড়ে, সেদিকে নজর রাখা জরুরি।
বিভি/জিএমএ/পিএইচ













মন্তব্য করুন: