• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চীন ও ভিয়েতনামের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ

পোশাক খাতের রফতানিতে সংখ্যার প্রবৃদ্ধিতে ঢাকা পড়ছে প্রকৃত সংকট  

প্রকাশিত: ১৩:১১, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪৪, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পোশাক খাতের রফতানিতে সংখ্যার প্রবৃদ্ধিতে ঢাকা পড়ছে প্রকৃত সংকট  

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে সার্বিক প্রবৃদ্ধির এই ইতিবাচক চিত্রের আড়ালে তৈরি পোশাক খাতের একটি বড় দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে—তা হলো কম দামি বা ‘বেসিক’ পণ্যের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে রফতানি আয়ে যে ৭৫৬ মিলিয়ন ডলার প্রবৃদ্ধি হয়েছে, তার প্রায় ৯৭ শতাংশই এসেছে ট্রাউজার, সোয়েটার ও টি-শার্টের মতো সাধারণ পোশাক থেকে; বিপরীতে উচ্চমূল্যের বা অ্যাডভান্সড ক্যাটাগরির পণ্যের বাজার হিস্যা আরও সংকুচিত হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের আলোকে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি)-এর বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

প্রবৃদ্ধির সিংহভাগজুড়েই সাধারণ বা বেসিক পোশাক
জুলাই-অক্টোবর সময়ের এই ৭৫৬ মিলিয়ন ডলার বাড়তি আয়ের প্রায় পুরোটাই—অর্থাৎ প্রায় ৯৭ শতাংশ বা ৭৩০ মিলিয়ন ডলার এসেছে বেসিক ক্যাটাগরির পোশাক থেকে। এই খাতের সামগ্রিক প্রবৃদ্ধি হয়েছে ৭.২৭ শতাংশ এবং এর মাধ্যমে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১০.৭৮ বিলিয়ন ডলারে। ফলস্বরূপ, মোট পোশাক রপ্তানিতে বেসিক পণ্যের হিস্যা ৭৭.৩৫ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশের ওপরে অর্থাৎ ৭৮.৪১ শতাংশে উন্নীত হয়েছে।

এই বেসিক খাতের প্রবৃদ্ধির বড় অংশটি মূলত তিনটি নির্দিষ্ট পণ্যের ওপর ভর করেই এগিয়েছে, যা মোট অর্জিত লাভের প্রায় ৮২ শতাংশ দখল করে আছে। বটমওয়্যার (ট্রাউজার্স, শর্টস ও স্কার্ট) এককভাবে সর্বোচ্চ ২৮৭ মিলিয়ন ডলার যুক্ত করেছে। সোয়েটার ও কার্ডিগানে ১৯৫ মিলিয়ন ডলার বৃদ্ধির পাশাপাশি এটি প্রধান ক্যাটাগরিগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে (৮.৪৩%) প্রবৃদ্ধি অর্জন করেছে।  টি-শার্ট ও ভেস্ট যোগ করেছে ১৪১ মিলিয়ন ডলার। 

এছাড়া ছোট আকারের অ্যাক্সেসরিজ ১১.২৬% প্রবৃদ্ধি দেখালেও, এর মোট পরিমাণ ছিল মাত্র ৪৬ মিলিয়ন ডলার। 

সেমি-বেসিক পণ্যের ধীর গতি
শার্ট ও ব্লাউজের মতো সেমি-বেসিক পণ্যের রপ্তানি সামান্য বেড়ে ১.১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। টাকার অঙ্কে এর প্রবৃদ্ধি মাত্র ১.২৩ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ১.০৯ বিলিয়ন ডলার (১০৯৩.৫০ মিলিয়ন ডলার)। 

গত অর্থবছরের একই সময়ে মোট পোশাক রপ্তানিতে সেমি-বেসিক পণ্যের অংশ ছিল ৮.৪২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা কমে দাঁড়াল ৮.০৫ শতাংশে। অর্থাৎ, রপ্তানি বাজারের সামগ্রিক স্ফীতি বা প্রবৃদ্ধির অনুপাতে নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি এই ক্যাটাগরির পোশাকগুলো।

উচ্চমূল্যের পণ্যে বড় ধস
রপ্তানি খাতের সবচেয়ে উদ্বেগের জায়গাটি হলো উচ্চমূল্যের বা অ্যাডভান্সড পণ্যের ক্যাটাগরি। নামমাত্র ০.৬৭ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে এই খাতটি থেকে মাত্র ১২ মিলিয়ন ডলার যুক্ত হয়েছে এবং মোট আয় দাঁড়িয়েছে ১.৮৬ বিলিয়ন ডলারে। যদিও আউটারওয়্যার (+৩৮ মিলিয়ন ডলার) এবং টেকনিক্যাল ওয়্যার (+১৬ মিলিয়ন ডলার) ইতিবাচক ধারায় ছিল, তবে বেশ কয়েকটি বড় খাতের পতন পুরো অর্জনকে ম্লান করে দিয়েছে।  

ড্রেসেস বা গাউন ১২.৮৩ শতাংশ, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যার ৮.২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলস ১৪.৯৭ শতাংশ কমেছে। এই তিনটি খাত মিলিয়ে প্রায় ৪১ মিলিয়ন ডলারের বাজার হারিয়েছে, যার ফলে সামগ্রিক পোশাক রপ্তানিতে উচ্চমূল্যের বা অ্যাডভান্সড পণ্যের অংশ ১৪.২৩ শতাংশ থেকে কমে ১৩.৫৪ শতাংশে নেমে গেছে।

প্রতিযোগিতায় টিকে থাকার উপায় কী?
ইউরোপীয় বাজারে সামগ্রিক আমদানির সংকোচন বা হ্রাসের ব্যবধান আগের তুলনায় কিছুটা কমে এলেও, সেই শূন্যস্থান পূরণে বাংলাদেশ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইউরোপের সামগ্রিক আমদানির যে ঘাটতি তৈরি হয়েছিল, তার সিংহভাগই দখল করে নিয়েছে চীন এবং সামান্য অংশ ভিয়েতনাম। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশ এখনো ঋণাত্মক প্রবৃদ্ধির ধারায় রয়েছে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মহিউদ্দিন রুবেল বাংলাভিশনকে বলেন, “ইউরোপীয় বাজারে অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং ইরান যুদ্ধজনিত জ্বালানি সংকটের ফলে সামগ্রিক আমদানি ও বিক্রি উল্লেখযোগ্যহারে কমে গেছে। এর নেতিবাচক প্রভাবে বছরের শুরুতে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছিল। তবে পরবর্তী সময়ে সংকোচন কিছুটা কমলেও বাজারটির বড় অংশ চীন ও ভিয়েতনাম দখল করে নিয়েছে।”

তিনি আরও বলেন, “সার্বিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত তিন-চার মাসে বাংলাদেশের পারফরম্যান্স খারাপ না হলেও, ইউরোপ আমাদের সবচেয়ে বড় বাজার হওয়ায় এখানে ভালো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল কম দামি বা বেসিক পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে চীন ও ভিয়েতনামের মতো উন্নত মানের, বৈচিত্র্যময় এবং দামি ফাইবার পণ্য উৎপাদনে আরও বেশি জোর দিতে হবে।” 

বিশ্ববাজারে এখন সিন্থেটিক বা ম্যান-মেইড ফাইবারের তৈরি স্পোর্টসওয়্যার, আউটারওয়্যার এবং টেকনিক্যাল টেক্সটাইলের চাহিদা সবচেয়ে বেশি। বেসিক পণ্যের বৃত্ত ভেঙে এই খাতগুলোতে বিনিয়োগ ও গবেষণা বাড়ানোর তাগিদ দিচ্ছেন খাতসংস্লিষ্টরা। 

গত কয়েক সপ্তাহ ধরে পোশাকশ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)-এর সূত্র বলছে, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মুখে রবিবার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া পরিস্থিতি অনুকূলে না থাকায় ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এসব বিক্ষোভের মধ্যে প্রায়ই সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। বৈশ্বিক মন্দার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং শ্রমিক অসন্তোষ বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ফলে দীর্ঘমেয়াদে বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে কেবল পরিমাণের ওপর ভর না করে উচ্চমূল্যের ও বৈচিত্র্যময় পণ্যে মনোযোগ দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত