যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পেতে মানতে হবে যেসব শর্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি।
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে বেসরকারি বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
গত সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে বাংলাদেশের প্রকল্পগুলো তাদের অর্থায়ন পাওয়ার সুযোগ পাবে।
ডিএফসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ডিএফসি। উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি পুঁজি সংগ্রহ এবং আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে কাজ করে সংস্থাটি। এর পাশাপাশি মিত্র দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বৈশ্বিক সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়াও এর অন্যতম উদ্দেশ্য।
যেসব সুবিধা পাবে বাংলাদেশ
ডিএফসি ( ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন) মূলত জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা, কৃষি ও খাদ্যনিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (SME) মতো খাতগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন করে থাকে। গত বছর ঋণ, ইকুইটি, ক্রেডিট ও বিমার মাধ্যমে ১৪ কোটি ৩০ লাখ জনকে অর্থায়নের সুযোগ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি প্রায় ১ কোটি ৪ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করেছে।
ডিএফসি-এর অর্থায়নের যোগ্য দেশের তালিকায় যুক্ত হওয়ায় বাংলাদেশ সামষ্টিক অর্থনীতি ও বেসরকারি খাতের উন্নয়নে বহুমুখী সুবিধা পাবে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর যে চ্যালেঞ্জ ছিল, তা মোকাবিলায় এটি বড় ভূমিকা রাখবে। ডিএফসির মাধ্যমে মার্কিন ব্যবসায়ী ও বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের বাণিজ্যিকভাবে লাভজনক উন্নয়ন প্রকল্পগুলোতে পুঁজি বিনিয়োগে উৎসাহিত হবে।
উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি উদ্যোক্তাদের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, মুদ্রার বিনিময় হার বা নীতিগত পরিবর্তনের যে শঙ্কা কাজ করে, ডিএফসির রাজনৈতিক ঝুঁকি বিমা এবং ঋণ গ্যারান্টি সেই ঝুঁকি প্রশমিত করবে। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রতি আস্থা বাড়াবে।
রয়েছে যেসব ঝুঁকি
বাংলাদেশে অবকাঠামো ও জ্বালানি খাতে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। ডিএফসির মাধ্যমে মার্কিন বিনিয়োগ বাড়লে তা বাংলাদেশের জন্য নতুন বিকল্প তৈরি করবে ঠিকই, কিন্তু বড় উন্নয়ন ও কৌশলগত প্রকল্পগুলোতে (যেমন: বন্দর, জ্বালানি বা টেলিযোগাযোগ) যুক্তরাষ্ট্র ও চীনের স্বার্থের দ্বন্দ্বে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে।
ডিএফসি কোনো দাতব্য বা অনুদান প্রদানকারী সংস্থা নয়; এটি একটি বাণিজ্যিক উন্নয়ন ব্যাংক। বিশ্বব্যাংক বা জাইকার মতো সহজ শর্তের সরকারি ঋণের তুলনায় ডিএফসির ঋণের সুদের হার বাজারভিত্তিক এবং কিছুটা বেশি হতে পারে। ফলে প্রকল্প যদি সঠিক সময়ে লাভজনক না হয়, তবে উচ্চ সুদে বাণিজ্যিক ঋণ পরিশোধ করা স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
মানতে হবে যেসব শর্ত
ডিএফসির আইনে শ্রমিকদের অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এর আওতায় আন্তর্জাতিক শ্রম সংস্থার মূলনীতি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের শ্রম মানদণ্ড মানা বাধ্যতামূলক। ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা এবং ওভারটাইমসংক্রান্ত দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানদণ্ড মানতে হবে। কারখানার ভবন নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
ডিএফসি নিজস্ব পরিবেশগত নীতিমালার পাশাপাশি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (IFC) ৮টি পারফরম্যান্স স্ট্যান্ডার্ড অনুসরণ করে। এর মধ্যে রয়েছে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি মূল্যায়ন, দূষণ প্রতিরোধ, সম্পদ দক্ষতা ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা এবং জীববৈচিত্র্য ও ভূমি অধিগ্রহণ।
বড় বা উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে ডিএফসি অর্থায়ন অনুমোদনের আগে প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাবের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে এবং স্থানীয় অংশীজনদের মতামত গ্রহণ করে। ডিএফসির শর্ত অনুযায়ী, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোগ নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠানে একটি কার্যকর ও স্বচ্ছ অভিযোগ ব্যবস্থা থাকতে হবে।
এই নিয়মকানুনগুলোর বিস্তারিত ডিএফসির অফিশিয়াল ওয়েবসাইটের এই লিংকে পড়া যাবে।
বিভি/এমএফআর/এজেড













মন্তব্য করুন: