ভারতের শেয়ারবাজারে বড় ধস, একদিনেই ৫ লাখ কোটি রুপি উধাও
টানা চার সপ্তাহের উত্থানের পর হঠাৎ বড় ধাক্কা খেলো ভারতের শেয়ারবাজার। সোমবার (২৩ নভেম্বর) লেনদেনের শেষ দিকে হুড়মুড়িয়ে পড়ে গেছে দেশটির প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি ৫০।
দিনের শুরুতে বাজার ভালোই ছিল। কিন্তু বেলা বাড়তেই বিক্রির চাপ বাড়তে থাকে। সর্বোচ্চ অবস্থান থেকে সেনসেক্স এক পর্যায়ে ১ হাজার ৬০০ পয়েন্টেরও বেশি পড়ে যায়। আর নিফটি নেমে আসে ২৫ হাজার ৬০০ পয়েন্টের নিচে। দিনশেষে হিসাবটা আরও ভয়াবহ।
বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) তালিকাভুক্ত সব কোম্পানির মোট বাজারমূল্য গত শুক্রবার ছিল ৫ কোটি ১৪ লাখ ১৮ হাজার ২৭৫ কোটি রুপি। সোমবার তা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৯৯৭ কোটি রুপিতে। অর্থাৎ একদিনেই বিনিয়োগকারীদের পকেট থেকে উধাও হয়ে গেছে ৫ লাখ কোটি রুপির বেশি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টায় লেনদেন শেষে সেনসেক্স ১ হাজার ৪৮৩ পয়েন্ট কমে ৮২ হাজার ৪৩৫ পয়েন্টে নেমে এসেছে। আর নিফটি ৪৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৪৯ পয়েন্টে।
কেন হঠাৎ এই পতন?
মুনাফা তুলে নেওয়ার হিড়িক:
চলতি মাসে বাজার অনেক বেড়েছিল। সূচকগুলো রেকর্ডের কাছাকাছি চলে গিয়েছিল। টানা চার সপ্তাহ বাড়ার পর অনেক বিনিয়োগকারী আর ঝুঁকি না নিয়ে বেশি দামে শেয়ার বেচে মুনাফা ঘরে তুলেছেন। এটাই পতনের বড় কারণ।
ব্যাংক শেয়ারে ধস:
বাজারে সবচেয়ে বড় চাপ এসেছে ব্যাংক খাত থেকে। এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদার মতো বড় ব্যাংকের শেয়ারে ব্যাপক বিক্রি হয়েছে। ফলে ব্যাংক নিফটিও বড় পতনের মুখে পড়ে। আর ব্যাংক শেয়ার পড়লে পুরো বাজারেই তার প্রভাব পড়ে।
আমেরিকায় সুদের হার বাড়ার ভয়:
বিনিয়োগকারীদের নজর ছিল যুক্তরাষ্ট্রের দিকেও। ফেডারেল রিজার্ভ আবার সুদের হার বাড়াতে পারে — এমন আশঙ্কায় বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়েছে। আমেরিকায় সুদ বাড়লে বিদেশি টাকা ভারতের মতো উদীয়মান বাজার থেকে সরে গিয়ে আমেরিকায় চলে যাওয়ার ভয় থাকে।
রুপির দরপতন:
একই সঙ্গে ভারতীয় রুপির মান কমে যাওয়াও বিনিয়োগকারীদের চিন্তা বাড়িয়েছে। রুপি দুর্বল হলে আমদানি খরচ বাড়ে, মূল্যস্ফীতির চাপ বাড়ে। বিদেশি বিনিয়োগকারীরাও তখন সতর্ক হয়ে যান।
টেকনিক্যাল কারণ:
বিশ্লেষকরা বলছেন, নিফটি ২৬ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক স্তরটা পার করে উপরে টিকতে পারেনি। ওই জায়গায় গিয়ে বাজারের গতি কমে আসছিল। আবার অনেক শেয়ার অতিরিক্ত কেনা হয়ে গিয়েছিল। তাই সুযোগ বুঝে অনেকেই বিক্রি করে দিয়েছেন।
এখন কী হবে?
সোমবারের এই বড় পতনের পরও বিশ্লেষকরা বলছেন, বাজারের সামগ্রিক প্রবণতা এখনো ইতিবাচক আছে। তবে এখন সবার নজর থাকবে তিনটা জিনিসের দিকে —
আমেরিকার সুদের হার নিয়ে কী সংকেত আসে, বিদেশি বিনিয়োগ আসে না যায়, আর নিফটি আবার ২৬ হাজার পয়েন্টের ওপরে উঠতে পারে কি না।
বিভি/এনএম/টিটি













মন্তব্য করুন: