রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সুশাসন নিশ্চিত করা এবং পেশাদারত্ব বাড়াতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নতুন এই বিধান অনুযায়ী, কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তা কোনো সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। এমনকি যেসব বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরকারের শেয়ার রয়েছে, সেগুলোর পর্ষদেও কর্মরত সচিবদের নিয়োগ বা মনোনয়ন বন্ধ করা হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ বা মনোনয়ন নীতিমালা’ শীর্ষক এই প্রজ্ঞাপন জারি করা হয়।
নীতিমালায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সুশাসন, পেশাদারিত্ব ও দক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব রাখতে হবে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখতে হবে।
চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৭৫ বছর। প্রার্থীর কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা অথবা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ দক্ষতা ও কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যাবে।
নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। এক মেয়াদ বিরতির পর আবার নিয়োগ বা মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে। তবে পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের কর্মদক্ষতা বিবেচনা করা হবে। একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না। তবে সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বিধান থাকলে ব্যতিক্রম হতে পারে।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: