• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পোশাক খাতে শুল্কের নতুন হিসাব, চাপে পড়ছে বাংলাদেশ?

প্রকাশিত: ১১:৩৫, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পোশাক খাতে শুল্কের নতুন হিসাব, চাপে পড়ছে বাংলাদেশ?

ছবি: এআই দিয়ে তৈরি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) গত ২৫ নভেম্বর ৩০১ ধারার আওতায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতার (এক্সেস-ক্যাপাসিটি) বিরুদ্ধে নতুন শুল্কের প্রস্তাব করেছে। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাকের গড় শুল্ক ২৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে। 

খাতসংশ্লিষ্ট প্ল্যাটফর্ম বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ইউএসটিআর বাংলাদেশি পণ্যের ওপর বিদ্যমান ৩০১ ধারার শুল্কের সঙ্গে সমন্বয় সাপেক্ষে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। তবে আলোচনা ও বাংলাদেশের অঙ্গীকার সন্তোষজনক না হলে এই হার বেড়ে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সংবাদমাধ্যম সিএনবিসিকে জানিয়েছেন, নতুন এই শুল্কহার জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) সংক্রান্ত আগের শুল্কের ওপর সরাসরি পুরোটা যোগ হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এর অর্থ হলো, আগে থেকে থাকা ১০ শতাংশ শুল্কের ওপর নতুন প্রস্তাবিত হার সমন্বয় হয়ে মোট শুল্ক ১৮ শতাংশে দাঁড়াবে; অর্থাৎ প্রকৃতপক্ষে শুল্ক বাড়বে সর্বোচ্চ ৮ শতাংশ।

প্রস্তাবিত এই শুল্কহার অনুযায়ী বাংলাদেশ ভিয়েতনাম (৫০ দশমিক ৬ শতাংশ), চীন (৪৩ দশমিক ১ শতাংশ) ও ভারতের (৪০ দশমিক ৬ শতাংশ) চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে এবং কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার (৩৩ দশমিক ৬ শতাংশ) সমান পর্যায়ে থাকবে। অন্যদিকে তদন্তের আওতায় না থাকায় পাকিস্তানের শুল্কহার আগের মতোই ২৫ দশমিক ৬ শতাংশে অপরিবর্তিত থাকবে। 

তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের এই এগিয়ে থাকা বেশ নড়বড়ে। কারণ ভারত ও ভিয়েতনাম যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, তাহলে তাদের মোট শুল্ক কমে যথাক্রমে ৩২ দশমিক ৬ শতাংশ এবং ৩৫ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। সে ক্ষেত্রে ভারত বাংলাদেশের চেয়ে ১ শতাংশীয় পয়েন্ট কম শুল্ক সুবিধায় চলে যাবে।

নতুন এই প্রস্তাবে তৈরি পোশাক খাতের জন্য কোনো ধরনের শুল্ক ছাড় রাখা হয়নি এবং গত জুলাই মাসে প্রতিশ্রুত তুলা কোটার বিষয়েও কোনো হালনাগাদ তথ্য দেওয়া হয়নি। তবে কিছু পোশাক পণ্যের ওপর শুল্ক কমাতে কোনো বিশেষ ‘টেক্সটাইল মেকানিজম’ বা বস্ত্র ব্যবস্থাপনা চালু করা উচিত কি না, সে বিষয়ে মতামত চেয়েছে ইউএসটিআর।

আগামী ৫ জানুয়ারি লিখিত মতামত জমা দেওয়ার শেষ সময়। খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য গণশুনানির আগে বাংলাদেশের উচিত শুল্কহার কমিয়ে ১৭ শতাংশ বা তার নিচে নামানোর দাবি জানানো, যা পারস্পরিক চুক্তির মাধ্যমে ভারত পেতে পারে। পাশাপাশি ইউএসটিআর প্রস্তাবিত টেক্সটাইল মেকানিজমকে জুলাইয়ে প্রতিশ্রুত তুলা কোটার সঙ্গে যুক্ত করার দাবিও জানানো উচিত, যাতে যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক ৩০১ ধারার উভয় শুল্ক থেকেই পুরোপুরি অব্যাহতি পেয়ে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়।

উল্লেখ্য, আলোচিত সব শুল্কহারই প্রস্তাবিত সর্বোচ্চ সীমা। মোট শুল্কের এই হিসাব গড় ১৫ দশমিক ৬ শতাংশ এমএফএন (মোস্ট ফেভারড নেশন) শুল্ক ধরে করা হয়েছে এবং চীনের মোট শুল্কের মধ্যে ২০১৯ সালে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত