ব্যবসায়ীদের জন্য সুখবর, ৬ হাজার কোটি টাকার প্যাকেজ কেন্দ্রীয় ব্যাংকের
ব্যবসায়ীদের ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমাতে ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজের আওতায় ব্যবসায়ীদের সুদ ভর্তুকি দেওয়া হচ্ছে। পাশাপাশি ঋণের সুদহার কমানো এবং বৈদেশিক মুদ্রার লেনদেন আরও সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’ (বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ব্যবসার ব্যয় কমানো বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। কারণ, ব্যবসা পরিচালনার খরচ বাড়লে শেষ পর্যন্ত তার প্রভাব পড়ে পণ্যের বাজারদরে। ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে গেলে ব্যবসায়ীরা তা পণ্যের দামের সঙ্গে সমন্বয় করেন। এতে বাড়তি চাপ তৈরি হয় সাধারণ মানুষের ওপর। অন্যদিকে, ব্যবসার ব্যয় কমানো সম্ভব হলে দেশের ১৮ কোটি মানুষ তুলনামূলক কম দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।
ঋণের সুদহার কমানোর উদ্যোগ সম্পর্কে মোস্তাকুর রহমান জানান, ঋণের বেঞ্চমার্কের সঙ্গে অতিরিক্ত সুদের সর্বোচ্চ সীমা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চালু করা হয়েছে। এর মাধ্যমে ঋণের সুদের ওপর ভর্তুকি দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার আরও কমানোর বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।
বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করার উদ্যোগ তুলে ধরে গভর্নর বলেন, নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদন ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ—দুই ধরনের সাশ্রয় হবে।
বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা বাড়াতে স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন রেখে বৈদেশিক মুদ্রার লেনদেন করা যাবে। ফলে বাজারে কারসাজির সুযোগ কমবে এবং চাহিদা ও জোগানের ভিত্তিতে বিনিময় হার নির্ধারণ সহজ হবে। আগামী এক মাসের মধ্যে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
আমদানি-রপ্তানির ঋণপত্র বা এলসি-সংক্রান্ত নথি ডিজিটাল পদ্ধতিতে আদান-প্রদানের উদ্যোগের কথাও তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, বর্তমানে এসব নথি এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে আন্তর্জাতিক কুরিয়ার সেবার ওপর নির্ভর করতে হয়। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ও বেশি লাগে। ডিজিটাল পদ্ধতি চালু হলে কুরিয়ার খরচ কমবে এবং নথি আদান-প্রদানে দীর্ঘসূত্রতা দূর হবে। পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা সম্ভব হলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় নথি পাঠানো যাবে।
নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মের নিরাপত্তা প্রসঙ্গে মোস্তাকুর রহমান বলেন, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করেই এটি তৈরি করা হয়েছে। উদ্বোধনের আগে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। এ সময় তিনি ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান।
বিভি/এজেড













মন্তব্য করুন: