• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিদেশি বিনিয়োগ আনলে প্রণোদনা দেবে সরকার, মিলবে কত শতাংশ?

প্রকাশিত: ১৯:৪৫, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৫, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিদেশি বিনিয়োগ আনলে প্রণোদনা দেবে সরকার, মিলবে কত শতাংশ?

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা কর্মসূচি চালু করেছে সরকার। এখন থেকে দেশে বিদেশি বিনিয়োগ আনতে ভূমিকা রাখলে বাংলাদেশি নাগরিক ও শতভাগ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে আর্থিক প্রণোদনা পাবে। তবে এ সুবিধা পেতে ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত বিদেশি বিনিয়োগের বিপরীতে এ প্রণোদনা দেওয়া হবে।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রকাশের দিন থেকেই নীতিমালাটি কার্যকর হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এ প্রণোদনার জন্য আবেদন করতে পারবে।

তবে সব ধরনের বিনিয়োগ এ সুবিধার আওতায় আসবে না। শুধু নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রণোদনা পাওয়া যাবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য করা বিনিয়োগে এ সুবিধা মিলবে না। তবে কোনো বিনিয়োগকারী তার বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা অন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে তা প্রণোদনার জন্য বিবেচিত হবে।

আবেদনে যেসব শর্ত
প্রণোদনা পেতে বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই আবেদনকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। এরপর এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। আবেদন মূল্যায়নে অন্তত ৭০ শতাংশ নম্বর পেতে হবে।

স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারী এবং বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের সম্পৃক্ততা থাকা যাবে না। এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাদের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক থাকা চলবে না।

দুই ধাপে দেওয়া হবে প্রণোদনা
অনুমোদিত প্রণোদনার অর্থ দুই কিস্তিতে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং সংশ্লিষ্ট রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর মোট অর্থের ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ পাওয়া যাবে এক বছর পর।

দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি যাচাই করা হবে। একই সঙ্গে বিনিয়োগের ইক্যুইটি বহাল রয়েছে কি না, সেটিও নিশ্চিত করা হবে।

বিনিয়োগের অর্থের বৈধতা ও স্বচ্ছতা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে। পাশাপাশি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের হিসাব মিলিয়ে দেখা হবে। নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এ প্রণোদনার আওতায় পড়বে না। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।

অনুমোদন দেবে জাতীয় পর্যালোচনা কমিটি
প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠনের কথা বলা হয়েছে নীতিমালায়। এ কমিটি আবেদনগুলোর চূড়ান্ত অনুমোদন দেবে। অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির নেতৃত্বে গঠিত কার্যনির্বাহী কমিটি আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করবে।

অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় প্রণোদনার অর্থ দেওয়া হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে এ অর্থ দেশের বাইরেও পাঠাতে পারবেন।

নীতিমালার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে। এতে প্রাপ্ত আবেদনের সংখ্যা, বিতরণ করা প্রণোদনার পরিমাণ এবং বিদেশি বিনিয়োগের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হবে। পাশাপাশি জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালাটি পর্যালোচনা করবে।

তবে নীতিমালা কার্যকর হওয়ার আগে দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না। আবেদন ফরম, লিড রেজিস্ট্রেশন ফরম্যাট ও বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত