• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সপ্তাহব্যাপী চলা আন্দোলনে চুয়েটে অচলাবস্থা, সব কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ১১:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সপ্তাহব্যাপী চলা আন্দোলনে চুয়েটে অচলাবস্থা, সব কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগ বাতিল এবং সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলা আন্দোলন গড়িয়েছে সপ্তম দিনে। আন্দোলনের কারণে ক্যাম্পাসে একদিকে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অন্যদিকে চলছে বিক্ষোভ। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে চুয়েটের প্রধান ফটকে অবস্থান নিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি দুপুরে ‘শ্বেত শাড়ির গণস্বাক্ষর’ কর্মসূচি পালন করবেন তারা। একটি শ্বেত শাড়িতে চুয়েটের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সফল কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে গণস্বাক্ষ্য তুলে ধরা হবে।

এ ছাড়া সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছে চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগে অবস্থান কর্মসূচির পাশাপাশি পথনাট্যসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন চুয়েট শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবি না মানা পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত