ইবির ছাত্র উপদেষ্টাসহ চার হলের প্রভোস্ট পরিবর্তন, নতুন দায়িত্বে যারা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টাসহ চারটি আবাসিক হলের প্রভোস্ট পরিবর্তন করা হয়েছে। নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। একই সঙ্গে চারটি হলের প্রভোস্ট হিসেবে নতুন চার শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- খালেদা জিয়া হলের প্রভোস্ট ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আয়নুল হক আকন্দ, উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. হামিদা খাতুন এবং শহীদ আনাস হলের প্রভোস্ট দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক পাঁচটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পূর্বের ছাত্র উপদেষ্টা ও হলগুলোর প্রভোস্টদের মেয়াদ শেষ হওয়ায় নতুন ছাত্র উপদেষ্টা ও প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. এস. এম. আয়নুল হক আকন্দ বলেন, ‘আমি নিয়োগপত্র পেয়ে যোগদান করেছি। যথাযথভাবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল করিম বলেন, ‘প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন এই হলের সম্প্রসারিত ভবনের কাজও প্রায় শেষ পর্যায়ে। হলটিকে আধুনিক, সুন্দর ও রুচিসম্মত পরিবেশে গড়ে তুলতে আমি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। এ কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিনের শিক্ষকতা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি হল পরিচালনার চেষ্টা করব। আমার কাছে হল শুধু থাকার জায়গা নয়, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ আশ্রয়। যেখানে তারা শান্তিপূর্ণ ও স্বস্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা ও নিজেদের বিকাশের সুযোগ পাবে।’
তিনি আরও বলেন, ‘অধ্যয়ন ও শিক্ষার পাশাপাশি হলকে সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রমে সমৃদ্ধ করা, খাবার, পরিচ্ছন্নতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আমি গুরুত্ব দেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আবাসিক শিক্ষার্থীদের জন্য হলটিকে একটি সুন্দর, নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পরিবেশ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।’
নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, ‘আমি চিঠি পেয়েছি। আমাকে এ দায়িত্বের জন্য যোগ্য মনে করায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সঠিকভাবে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’
বিভি/পিএইচ













মন্তব্য করুন: