প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগ নিয়ে অপেক্ষার অবসান হচ্ছে। পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে এবং আগামী ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে অন্যায়ভাবে কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
এ সময় চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, পুনর্মূল্যায়নের পর প্রায় ৫ হাজার শিক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে এবং নতুন করে এ প্লাস পেয়েছে ৩ হাজারের বেশি শিক্ষার্থী। পুনর্মূল্যায়নে ফল পরিবর্তনের ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষকদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এসএসসির ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হওয়া এবং কয়েকটি আত্মহত্যার ঘটনার বিষয়টিও আলোচনায় আসে। পুনর্মূল্যায়নের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের বিষয়টি এ ক্ষেত্রে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অন্যদিকে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়েও বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ১৪ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে অনেকে এখনো নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কেউ কেউ ভেরিফিকেশনের নামে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়ার অভিযোগও করেছেন।
তবে শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ কোনো কারণ ছাড়া কাউকে বাদ দেওয়া হচ্ছে না। চূড়ান্তভাবে উত্তীর্ণদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে এবং আগামী ১ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।
শিক্ষক বদলি বন্ধ ঘোষণার পরও প্রায় অর্ধশত শিক্ষককে বদলি করা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দাবি করেন, নিয়ম মেনেই এসব বদলি করা হয়েছে।
এ ছাড়া আগামী ৫ অক্টোবর শিক্ষক দিবস উপলক্ষে ১০০ জন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হবে বলেও জানান তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: