• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাবি কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

প্রকাশিত: ১৬:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাবি কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগ এই কর্মসূচি আয়োজন করে।

মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ওয়াহিদা হক স্বাগত বক্তব্য দেন। বিভাগের প্রভাষক রোকেয়া আক্তার অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের উন্নয়ন, দেশের নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা ও নদীসমূহ দূষণমুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে। তিনি বলেন, গভীর সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি মিঠা পানির মাছ রপ্তানির জন্যও সরকার কাজ করছে। মৎস্য খাতের উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের গৃহীত উদ্যোগসমূহ কার্যকরভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত