ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আরও নতুন দুই বিভাগ
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে দুটি নতুন বিভাগ খোলার অনুমতি পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিভাগ দুটি হলো তুলনামূলক তাফসীর ও আস-সিরাহ আন-নববীয়্যাহ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা গেছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা, বিধিবদ্ধ বিধান, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন এবং স্নাতকদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিভাগ দুটি খোলার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতিটি বিভাগে স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অনুমোদনপ্রাপ্ত নতুন বিভাগ আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘদিন এ বিভাগগুলো আলোর মুখ দেখেনি। বর্তমান প্রশাসন এই দুটি বিভাগকে ইউজিসির মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আমরা মনে করি, এই দুটি বিভাগের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।
তিনি বলেন, আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগে ৪০ জন ছাত্র ভর্তি করার ব্যাপারে ইউজিসি আমাদের অনুমোদন দিয়েছেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: