• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যায় না: ড. মোহাম্মদ মোশারফ হোসেন

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:৫২, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৩, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যায় না: ড. মোহাম্মদ মোশারফ হোসেন

নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সন্ধ্যামালতী মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, নজরুল শৈশবে ও পরিণত বয়সে এ দেশে এসেছেন। যতবারই এসেছেন, ততবারই মানুষকে প্রেরণা দিয়েছেন এবং ভবিষ্যতের পথ দেখিয়েছেন। স্বল্প সময়ের স্বাধীন জীবনে নজরুল আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। ১৯৪২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি সুস্থ থাকলে বাংলাদেশের সাহিত্য ও সামগ্রিক অবস্থান আরও উচ্চতায় পৌঁছাত বলে মনে করেন তিনি।

উপাচার্য আরও বলেন, নজরুলের মতো সংগ্রামী হতে পারলে আমরাও প্রতিষ্ঠিত হতে পারব। আমার প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নজরুলকে ভালোভাবে জানবে এবং তার আদর্শ ধারণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ও নজরুল গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী এবং শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)।

আলোচনা শেষে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী, ঈদে মিলাদুন্নবী ও নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: