১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সম্পূরক পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষর করা রুটিন থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বিভাগ এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় বসতে হতো শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছি। ফলে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণেও শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে হতো।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সম্পূরক পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। এর মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করতে হবে।
এর আগে, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
বিভি/এআই













মন্তব্য করুন: