• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে ঢাবি প্রশাসনের মতবিনিময়

প্রকাশিত: ১৮:০৩, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৪, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে ঢাবি প্রশাসনের মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভায় ‘ক্লিন ক্যাম্পাস ও গ্রীন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।    

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হাবিবুল হাসানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদল এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, এস্টেট ম্যানেজার-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ দেশের সর্বত্র পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়। সভায় পরিস্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় ব্যাপক গণ-সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয় এবং এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়।  প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র না ফেলার জন্যও সভায় সকলের প্রতি আহ্বান জানানো হয়। 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ দেশকে পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ছাত্র-ছাত্রী-সহ সকল অংশীজনকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিতভাবে  ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়ে এবিষয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ধারাবাহিক এসব কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

বিভি/এআই

মন্তব্য করুন: