ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।
কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আহাম্মদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক জাকিয়া আহমেদ ঝুমা। অনুষ্ঠানে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিভাগের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, চারুকলার শিল্পীদের সৃজনশীল শিল্পকর্ম সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এই সৃজনশীল শিল্পকর্মগুলো বিশ্বদরবারে তুলে ধরতে পারলে বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাপী একটি ইতিবাচক ধারণা গড়ে উঠবে। তিনি বলেন, আমাদের হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা আমাদের ঐতিহ্যবাহী শিল্পগুলোকে খুঁজে বের করা এবং তা নিয়ে গবেষণা করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিজ্ঞানের সঙ্গে শিল্পের কীভাবে সমন্বয় বা সম্পর্ক তৈরি করা যায়, সেটিও গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তিনি বলেন, দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে কারুশিল্পের শিক্ষার্থীদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের মাধ্যমে এই সুযোগ সম্প্রসারণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ৯০জন শিক্ষার্থীর ২৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- লোপামুদ্রা সরকার, মোছা. মৌমিতা রহমান অহনা, সামিয়া আক্তার যুথী, ফাহমিদা আক্তার, ইউসুফ হায়দার আরিব, নিহা তাবাচ্ছুম অরনি এবং মাহমুদা আক্তার মৌশি।
বিভি/এআই













মন্তব্য করুন: