জবিতে আ.লীগ সন্দেহে ৪ কর্মকর্তাকে প্রক্টর অফিসে নিয়ে গেল ছাত্রদল
৪ কর্মকর্তাকে প্রক্টর অফিসে নিয়ে গেল ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ ও দপ্তরে এ অভিযান পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় চার কর্মকর্তাকে ধরে প্রক্টর অফিসে নেওয়া হয়। পাশাপাশি বাংলা বিভাগের এক শিক্ষককে তার কক্ষে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা। অভিযানের সময় কয়েকজন কর্মকর্তাকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
প্রক্টর অফিসে নেওয়া চার কর্মকর্তার মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক জুনায়েদ শেখ। অপর কর্মকর্তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগ ও দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মস্থল থেকে বের করে নিয়ে আসেন। এ সময় কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি পত্রিকার কাটিং দেয়ালে লাগানো রয়েছে—এমন অভিযোগে তার কক্ষে যান ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন তারা।
আটক কর্মকর্তাদের মুঠোফোন পরীক্ষা করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘কয়েকজন কর্মকর্তাকে আটকের পর তাদের ফোন পরীক্ষা করা হয়েছে। এতে নিষিদ্ধ জবি ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে আমরা মনে করছি। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে হস্তান্তর করেছি।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে অবস্থান করে যারা আড়ালে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাদের সতর্ক করছি। কোনো শিক্ষার্থী, কর্মকর্তা কিংবা শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের তথ্য পাওয়া গেলে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের পরও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, এসব ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
এরই ধারাবাহিকতায় সোমবার নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, সক্রিয় কর্মী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় বিভিন্ন বিভাগ ও দপ্তরে গিয়ে অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমেদ বলেন, ‘এ ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। ক্যাম্পাসে নাশকতা কিংবা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট তৎপরতার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তারা প্রমাণের ভিত্তিতে তদন্ত করবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে জমা দিতে হবে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনোভাবেই ক্যাম্পাসের শৃঙ্খলা নষ্ট করা যাবে না। শিক্ষার্থী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান, সবাই যেন বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখেন।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের অভিযোগ থাকলে সেটিও লিখিতভাবে জানাতে হবে। এর আগেও বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তবে প্রতিটি পদক্ষেপ প্রমাণের ভিত্তিতে এবং আইন অনুযায়ী নিতে হবে।’
বিভি/এজেড













মন্তব্য করুন: