কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ের বেহাল দশা
খাবারে টিকটিকি তেলাপোকা শুঁয়োপোকা, তবুও চড়া দাম!
ভাতের সঙ্গে কখনো তেলাপোকা, কখনো টিকটিকি, আবার কখনো শুঁয়োপোকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ডাইনিংয়ে খাবার খেতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। শুধু খাবারে পোকামাকড় পাওয়াই নয়, নিম্নমানের খাবার, অপর্যাপ্ত পরিমাণ, চড়া দাম, অপরিচ্ছন্ন রান্নার পরিবেশ ও বিশুদ্ধ পানির সংকট নিয়েও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন তারা। তবে এসব অভিযোগের পরও ডাইনিংগুলোর খাবারের মান ও পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আসেনি বলে দাবি শিক্ষার্থীদের।
সর্বশেষ গত ৮ নভেম্বর বিদ্রোহী হলের ডাইনিংয়ে খাবার গ্রহণের সময় এক শিক্ষার্থী ভাতের মধ্যে পোকামাকড়ের লার্ভা বা শুঁয়োপোকা দেখতে পান। একই দিন আরেক শিক্ষার্থী খাবার কক্ষে নিয়ে খাওয়ার সময় তাতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন। পরপর এমন ঘটনায় হলের খাবারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এর আগে গত ২৭ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে ভাতের পাতিলে সেদ্ধ টিকটিকি পাওয়ার ঘটনা ঘটে। সেদিন দুপুরে খাবার খেতে গিয়ে প্লেটের অর্ধেক ভাত খাওয়ার পর টিকটিকিটি দেখতে পান শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে তিনি বিষয়টি ডাইনিং পরিচালককে জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করেন।
এ বিষয়ে ডাইনিং পরিচালক আলামিন জানান, সিলিং থেকে টিকটিকিটি ভাতের পাতিলে পড়ে যায়। পাতিলের ঢাকনা খোলা থাকায় বিষয়টি আগে কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর ওই পাতিলের সব ভাত ফেলে দেওয়া হয়।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদও ঘটনাটিকে অনিচ্ছাকৃত উল্লেখ করে ডাইনিং পরিচালককে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার কথা জানান।
খাবারের মানে অসন্তোষ, দামেও স্বস্তি নেই
শিক্ষার্থীদের অভিযোগ, হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়লেও সে তুলনায় মান ও পরিমাণ বাড়েনি। অনেক ক্ষেত্রে আগের রাতের অবশিষ্ট খাবার পরদিন গরম করে পরিবেশন করা হয়। রান্নার পরিবেশ অপরিচ্ছন্ন, একই তেল বারবার ব্যবহার এবং পচা সবজি দিয়ে রান্না করার অভিযোগও রয়েছে। ভাত, মাছ ও মাংসের পরিমাণ নিয়েও অসন্তোষ রয়েছে তাঁদের।
শিউলীমালা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘হলের খাবারের মান নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ভাতের চাল অনেক মোটা, আর তরকারিও অনেক সময় ঠিকমতো সিদ্ধ করা হয় না। বর্তমানে হাফ ভাতের পরিমাণও আগের তুলনায় বেশ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তরকারি পার্সেল নিলেও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় না। খিচুড়ির ক্ষেত্রেও কোনো ধরনের সবজি দেওয়া হয় না। এসব বিষয় নিয়ে এর আগেও প্রভোস্ট ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম। তখন তিনি বলেছিলেন, তাদেরও তো ব্যবসা করতে হয়, মেয়েরা ডাইনিংয়ে কম খায়।’
দোলনচাঁপা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘হলের ডাইনিংয়ে সম্প্রতি চালের মান কিছুটা কমে গেছে। মাঝে মাঝে ভাতে পোকা পাওয়া যায়। অনেক সময় আগের রাতের সবজি গরম করে পরিবেশন করা হয় এবং হলে একই ধরনের খাবার বারবার রান্না করা হয়। আগে আমাদের হলে ভাত ফ্রি ছিল, এখন প্রতি প্লেট ১০ টাকা করে নেয়। হল প্রশাসনের নিয়মিত তদারকি, রান্নায় বৈচিত্র্য ও নতুন খাবার সংযোজন করলে খাবারের মান আরও উন্নত হবে।’
অগ্নিবীণা হলের আবাসিক শিক্ষার্থী নাইম হোসেন বলেন, ‘ছেলেদের দুই হলের খাবারের মান প্রায় একই। কোথাও ভাত ভালো, কোথাও সবজি। তবে খাবারকে খুব একটা স্বাস্থ্যকর বলা যায় না। একটু আগেই খাবারে পোকা পেয়েছি। স্টাফদের ব্যবহারও কখনো ভালো, কখনো খারাপ। অনেক সময় আগের দিনের সবজি ফ্রিজে রেখে পরদিন পরিবেশন করা হয়। প্রতিদিনের খাবার সেদিনই শেষ করা উচিত।’
বিদ্রোহী হলের এক আবাসিক শিক্ষার্থীর অভিযোগ, ‘হলের খাবারের মান খুবই খারাপ। ভাত মোটা, তরকারি অনেক সময় আধা সিদ্ধ থাকে। হাফ ভাত ও পার্সেলে তরকারির পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। খিচুড়িতেও কোনো সবজি থাকে না। ফ্রিজ ও অন্যান্য জিনিসপত্র অপরিষ্কার থাকে, পচা সবজি রান্নায় ব্যবহার করা হয়, তেল বারবার ব্যবহার করা হয় এবং খাবার ঢেকে রাখা হয় না। প্রায়ই খাবারে পোকামাকড় পাওয়া যায়। মূলত তদারকির অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’
পুষ্টির ঘাটতি ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রতিদিনের খাবারের জন্য হলের ডাইনিংয়ের ওপর নির্ভরশীল। ফলে খাবারের মান ও পুষ্টিগুণের ঘাটতি তাঁদের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের ভাষ্য, তুলনামূলক বেশি দাম দিয়েও তাঁরা পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার পাচ্ছেন না।
স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, বাসি খাবার পরিবেশন এবং অনিরাপদ উপকরণ ব্যবহারের ফলে খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। খাবারে পোকামাকড় কিংবা টিকটিকির মতো প্রাণীর উপস্থিতি রান্না ও খাবার সংরক্ষণে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, সে প্রশ্নও সামনে এনেছে।
নজরদারির আশ্বাস প্রশাসনের
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে শিউলীমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা বলেন, ‘আমরা নিয়মিতভাবে খাবারের মান যাচাই করি এবং কোনো ত্রুটি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের তা ঠিক করতে নির্দেশ দিই। ভবিষ্যতে যেন নিম্নমানের চাল ব্যবহার না হয়, খাবারে কোনো পোকা বা অস্বচ্ছতা না থাকে এবং রান্নার স্বাদে বৈচিত্র্য আসে, সেদিকে কঠোর নজরদারি করা হবে।’
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ‘দেয়াল থেকে একটি টিকটিকি হঠাৎ ভাতের গামলায় পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন। ডাইনিং নিয়মিত তদারকির মধ্যে রয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগকৃত কর্মচারী ও বাবুর্চি থাকলেও নজরুল বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ক্যান্টিন বাইরের মালিকদের কাছে ইজারা দেওয়া। পাশাপাশি আলাদা ভর্তুকি না থাকায় সাশ্রয়ী মূল্যে খাবারের মান বজায় রাখা সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কাজ করছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার বিষয়টি তদারকি করা হচ্ছে। অচিরেই একটি প্রক্রিয়ার আওতায় এনে সুলভ মূল্যে খাবার নিশ্চিত করা হবে।
তবে শিক্ষার্থীদের প্রশ্ন, নিয়মিত তদারকির কথা বলা হলেও খাবারে বারবার পোকামাকড় পাওয়ার ঘটনা কেন ঘটছে? আর সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিতের যে আশ্বাস প্রশাসন দিচ্ছে, তার বাস্তবায়ন কবে হবে?
বিভি/আরসি/এজেড













মন্তব্য করুন: