• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

প্রশ্নফাঁস ঠেকাতে প্রশ্নপত্র ছাপানো নিয়ে নতুন পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ১৮:২৫, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৫, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রশ্নফাঁস ঠেকাতে প্রশ্নপত্র ছাপানো নিয়ে নতুন পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনার আওতায় পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবে এ ধরনের চেষ্টা যে হয়নি, তা নয়। এ কারণে প্রশ্নপত্র ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। ভবিষ্যতে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র মুদ্রণের ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।

তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে সরকার কাজ করছে। পড়াশোনার ক্ষেত্রে কোনো দুর্বলতা কিংবা অসাধুতা মেনে নেওয়া হবে না।

শিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। খাতা মূল্যায়নে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়। পরে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও অংশ নেন মাত্র ৮২ জন পরীক্ষার্থী।

এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন না করার আহ্বান জানান তিনি। শিক্ষাসংশ্লিষ্ট কোনো বিষয়কে বাড়িয়ে প্রচার করা জাতির জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান ও শেখার প্রক্রিয়া আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি কিংবা এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তথ্যের চেয়ে জ্ঞান এবং জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত