• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মাভাবিপ্রবিতে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে ব্যাপক কর্মসূচি

প্রকাশিত: ২১:০৪, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:০৫, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাভাবিপ্রবিতে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে ব্যাপক কর্মসূচি

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সেমিনার, মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবং সপ্তাহব্যাপী ‘ভাসানী মেলা’র আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ১৭ নভেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ১৬ নভেম্বর সকাল ৯টায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় । এ ছাড়া গত ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ‘ভাসানী মেলা’ অনুষ্ঠিত হচ্ছে। 

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক আপসহীন নেতা। সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তার রাজনৈতিক দর্শন ও সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তার জীবন, কর্ম, আদর্শ ও দর্শন তুলে ধরা এবং তা চর্চায় উদ্বুদ্ধ করাই এসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত