• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শিক্ষকদের বেতন বন্ধের চিঠি, ইউএনওর ক্ষমতা নিয়ে প্রশ্ন মাউশির

প্রকাশিত: ১৬:০৪, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শিক্ষকদের বেতন বন্ধের চিঠি, ইউএনওর ক্ষমতা নিয়ে প্রশ্ন মাউশির

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের বেশি না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ বিষয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তবে উপজেলা পর্যায়ে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ রাখার এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাউশিরও নেই; বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। মাউশির সাবেক মহাপরিচালকও ইউএনওর উদ্যোগকে এখতিয়ারবহির্ভূত বলে মন্তব্য করেছেন।

ঢাকা পোস্টের হাতে আসা চিঠি অনুযায়ী, গত ১৫ নভেম্বর ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এটি জারি করা হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে হবে। পাসের হার ৩০ শতাংশের বেশি না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতিদের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে এ উদ্যোগের ভিত্তি হিসেবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

এ চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মাউশির আঞ্চলিক পরিচালকসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠির নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া অগ্রণী ও সোনালী ব্যাংকের ভালুকা শাখার ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও অনুলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউএনও মো. ফিরোজ হোসেন চিঠিতে নিজের স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন। তবে সিদ্ধান্তটি তার একক নয় দাবি করে তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে তিনি সেটি বাস্তবায়নের জন্য চিঠি পাঠিয়েছেন।

তবে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার বিষয়ে উপজেলা পর্যায়ের এই উদ্যোগের এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়েছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাউশিরও নেই। বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো যেতে পারে, তবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার মন্ত্রণালয়ের।

একই ধরনের মত দিয়ে মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান বলেন, ইউএনওর এ উদ্যোগ এখতিয়ারবহির্ভূত। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিলে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য চাইলে তা সরবরাহ করা যেতে পারে। এ ধরনের ব্যবস্থা প্রয়োজন মনে হলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত চাওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, এ ধরনের চিঠির কারণে শিক্ষকেরা হয়রানির শিকার হতে পারেন। কেউ এভাবে ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি শাস্তিযোগ্য অপরাধের পর্যায়েও যেতে পারে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালার ১৮.৪ ধারায় বলা হয়েছে, কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শিক্ষার্থীসংখ্যা বা কাম্য ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হলে মন্ত্রণালয় ওই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা বাতিল করতে পারবে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির শর্ত পূরণ করলে আবারও এমপিও পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে এমপিও স্থগিত থাকার সময়ের কোনো বকেয়া বেতন-ভাতা পাওয়ার সুযোগ থাকবে না।

নীতিমালায় এমপিও স্থগিত বা বাতিলের ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে রাখা হয়েছে। অন্যদিকে ভালুকার ইউএনওর চিঠিতে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিদের অনুরোধ জানানো হয়েছে। ফলে এ উদ্যোগের আইনগত ভিত্তি ও প্রশাসনিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত