• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশিদের জন্য চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মিলবে বিমানভাড়াও

প্রকাশিত: ০১:২৯, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:২৯, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশিদের জন্য চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মিলবে বিমানভাড়াও

প্রতীকী ছবি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে সরকারি বৃত্তির ঘোষণা দিয়েছে চীন সরকার। এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, মাসিক ভাতার পাশাপাশি বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়াও দেওয়া হবে।

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি দিতে হবে না। পাশাপাশি বিনা মূল্যে আবাসন, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া বহন করবে বৃত্তি কর্তৃপক্ষ।

প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় ও পাঠদানের ভাষাভেদে ভর্তির শর্ত আলাদা হতে পারে।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফল এবং প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। শিক্ষার স্তর অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হয়েছে—

  • স্নাতক: ২৫ বছরের নিচে
  • স্নাতকোত্তর: ৩৫ বছরের নিচে
  • পিএইচডি: ৪০ বছরের নিচে
  • সাধারণ গবেষক: ৪৫ বছরের নিচে
  • সিনিয়র গবেষক: ৫০ বছরের নিচে

স্নাতক পর্যায়ে আবেদনকারীদের বৈধ চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (সিএসসিএ) পরীক্ষার ফল জমা দিতে হবে। চীনা ভাষায় পরিচালিত কিছু কর্মসূচির জন্য এইচএসকে পরীক্ষার নির্ধারিত স্তর অর্জন করতে হবে। অন্যদিকে, ইংরেজি মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ভেদে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ প্রয়োজন হতে পারে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের চীনা সরকারের নির্ধারিত বৃত্তির ওয়েবসাইটে নিবন্ধন করে ‘Type A’ ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে এজেন্সি নম্বর হিসেবে ‘0501’ ব্যবহার করতে হবে।

আবেদনের সঙ্গে যেসব নথি জমা দিতে হবে—

  • বৈধ পাসপোর্টের তথ্যপাতার কপি
  • শিক্ষাগত সনদ ও নম্বরপত্র
  • ভাষাগত দক্ষতার প্রমাণ
  • অধ্যয়ন বা গবেষণা পরিকল্পনা
  • বিশ্ববিদ্যালয়ের প্রাক্‌ভর্তির নথি

এ ছাড়া স্নাতকোত্তর, পিএইচডি ও সিনিয়র স্কলার পর্যায়ের আবেদনকারীদের দুটি সুপারিশপত্র জমা দিতে হবে। ছয় মাসের বেশি সময় চীনে অবস্থানের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সও প্রয়োজন হবে।

আবেদনের আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত শর্ত, পছন্দের বিষয় এবং পাঠদানের ভাষা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জমা দেওয়ার আগে সব তথ্য ও প্রয়োজনীয় নথি ভালোভাবে যাচাই করতে হবে।

বৃত্তির বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে চীনা দূতাবাসের সরকারি বিজ্ঞপ্তি এবং www.campuschina.org ওয়েবসাইটে।

চায়না স্কলারশিপ কাউন্সিল জানিয়েছে, বৃত্তির আবেদন গ্রহণের জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। তাই প্রতারণা এড়াতে আগ্রহীদের সরাসরি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত