রাতভর অবস্থানের পর ৫ কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিলো জবি ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের গাড়িতে তাদের তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে আটক করে মারধরের পর প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে রাত ১০টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে আটক পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন।
তবে প্রশাসনের সিদ্ধান্তের পরও আটক কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। কয়েক ঘণ্টা অবস্থানের পর মঙ্গলবার ভোরে কর্মকর্তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এ সময় ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আরটিভিকে বলেন, ‘রাতের দিকে তাঁদের থানায় আনা হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’
পুলিশের কাছে হস্তান্তর করা কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, সেকশন অফিসার নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
বিভি/এজেড













মন্তব্য করুন: