নতুন পে-স্কেলে বেতন পেতে আরও অপেক্ষা, যা জানালো মাউশি
নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক গেজেট বা আদেশ জারি না হওয়ায় চলতি নভেম্বর মাসেও আগের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন তারা।
এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে নতুন পে স্কেলের পৃথক গেজেট প্রকাশ না হওয়ায় আপাতত পুরোনো স্কেলেই বেতন বিল জমা দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে স্কেলের আওতায় বেতন-ভাতা দিতে হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট বা আদেশ জারি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানান, এমপিওভুক্ত জনবলের জন্য পে স্কেলের পৃথক গেজেট এখনো জারি হয়নি। এ কারণে চলতি নভেম্বর মাসের বেতন বিল পুরোনো স্কেল অনুযায়ী জমা দিতে হবে।
তিনি আরও জানান, নতুন পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারির পর প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে। এতে পে-ফিক্সেশন বা বেতন নির্ধারণসহ অন্যান্য প্রক্রিয়া স্পষ্ট করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: