• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবির পঞ্চম সমাবর্তন, ফি কমালে নিবন্ধন করবেন ৭২ শতাংশ শিক্ষার্থী

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইবির পঞ্চম সমাবর্তন, ফি কমালে নিবন্ধন করবেন ৭২ শতাংশ শিক্ষার্থী

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন। গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। তবে এখন পর্যন্ত আশানুরূপ নিবন্ধন হয়নি বলে জানা গেছে। এদিকে নিবন্ধন ফি কমানো হলে ৭২ শতাংশ শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করবেন বলে একটি অনলাইন জরিপে উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ইবিয়ান গ্রুপ’ পরিচালিত জরিপে এ তথ্য উঠে আসে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত স্নাতক ও মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে স্নাতক সনদ ফি ৫০০ টাকা যুক্ত হওয়ায় স্নাতক ডিগ্রিধারীদের মোট খরচ দাঁড়াচ্ছে ৫ হাজার টাকা। নির্ধারিত এ ফি প্রকাশের পর থেকেই তা কমানোর দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

এদিকে ‘৫ম সমাবর্তনের জন্য আবেদন শেষ করেছেন কি?’— শীর্ষক একটি জরিপ পরিচালনা করে ‘ইবিয়ান গ্রুপ’। প্রতিবেদন লেখা পর্যন্ত জরিপে অংশ নিয়েছেন ১ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ হাজার ২৪৭ জন (৭২.৩৭ শতাংশ) জানিয়েছেন, ফি কমানো হলে তারা নিবন্ধন করবেন। অন্যদিকে ২২৫ জন (১৩.০৫ শতাংশ) শিক্ষার্থী নিবন্ধন করবেন না বলে জানিয়েছেন।

এদিকে সমাবর্তনের নিবন্ধনের প্রকৃত সংখ্যা জানতে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেল, নিবন্ধন উপকমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট শিক্ষক ও প্রশাসনের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়। তবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির কাছ থেকে নিবন্ধনের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। তাদের কেউ প্রায় ১ হাজার ৭০০, কেউ ২ হাজার এবং একজন আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করার শর্তে প্রায় ৩ হাজার নিবন্ধনের কথা জানিয়েছেন। তবে এসব সংখ্যার কোনোটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নিবন্ধন ফি কমানো ও সময়সীমা বাড়ানোর দাবিতে সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ।

স্মারকলিপিতে নিয়মিত শিক্ষার্থীদের নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং স্নাতক সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করে মোট ৩ হাজার ৫০০ টাকা করার দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিবন্ধনের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে সময়সীমা বাড়ানোর আহ্বান জানান তারা।

অন্যদিকে নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নও। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় ছাত্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে সংগঠনটি এ দাবি জানায়।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এতে স্নাতক পর্যায়ে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ, নিয়মিত মাস্টার্সে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এবং সান্ধ্যকালীন মাস্টার্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ২৩৭তম থেকে ২৭৫তম সিন্ডিকেট পর্যন্ত শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: