• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সনদ তুলতে ১০ দফতরের স্বাক্ষর ও দীর্ঘ অপেক্ষা, ভোগান্তিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইমরান হোসেন ইফরান, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:১১, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১১, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সনদ তুলতে ১০ দফতরের স্বাক্ষর ও দীর্ঘ অপেক্ষা, ভোগান্তিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্নাতক সম্পন্ন করার পর মূল সনদ ও নম্বরপত্র হাতে পেতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ জটিলতা ও বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। এসব কাগজপত্র তুলতে গিয়ে প্রাথমিক ধাপ হিসেবে শিক্ষার্থীদের একটি ক্লিয়ারেন্স ফর্ম পূরণ ও জমা দিতে হয়। 

এই ফর্মের অনুমোদনের জন্য শিক্ষার্থীদের অন্তত দশটি ভিন্ন দপ্তরে ছুটতে হয় যার তালিকায় রয়েছে - নিজ বিভাগের চেয়ারম্যান বা বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় লাইব্রেরি, আবাসিক হল প্রভোস্ট, প্রক্টর দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়, অর্থ ও হিসাব শাখা, শারীরিক শিক্ষা বিভাগ, মেডিকেল সেন্টার, পরিবহন পুল এবং আইসিটি সেল। প্রতিটি দপ্তরের প্রধান বা নির্ধারিত কর্মকর্তার স্বাক্ষর আদায় করতে অনেক শিক্ষার্থীর দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মব্যস্ততা কিংবা ক্যাম্পাসের বাইরে অবস্থানের কারণে প্রায়ই শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। এই দীর্ঘসূত্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন দূরবর্তী জেলার শিক্ষার্থীরা। নির্ধারিত এক দিনে সব দপ্তরের কাজ শেষ করতে না পারলে তাদের বাড়তি কয়েকদিন ক্যাম্পাসের আশপাশে অবস্থান করতে হয়, যা তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করে।

পাশাপাশি দ্বিতীয় থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট উত্তোলনে ব্যাংকে ১,০৫০ টাকা এবং জরুরি ক্ষেত্রে ১,৪০০ টাকা ফি পরিশোধ করতে হয়। টাকা জমা দেওয়ার পর সেই রশিদ পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে জমা দেওয়ার নিয়ম রয়েছে। চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট পেতে ব্যাংকে ৩০০ টাকা জমা দিতে হয়, রশিদ জমা দেওয়ার সাত দিন পর তা হাতে মেলে। জরুরি ভিত্তিতে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট চাইলে ফি দাঁড়ায় ৫০০ টাকা এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে তিন দিন সময় লাগে। একদিকে ক্লিয়ারেন্স ফর্ম ও স্বাক্ষর সংগ্রহের ধকল, অন্যদিকে ফি জমা ও রশিদ হস্তান্তরের পরম্পরায় শিক্ষার্থীদের মূল্যবান সময় ও পরিশ্রম ব্যয় হয়।

আবার সাময়িক সনদ তুলতেও প্রয়োজন ৩০০ টাকা। সেইসাথে এসএসসি এর সার্টিফিকেট, সর্বশেষ সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি জমা করতে হয়। সবকিছু জমা দেওয়ার পর সময় নেওয়া হয় ৭ দিন। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সার্টিফিকেট তুলতে আসা শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী আবার পরামর্শ দিয়েছেন ক্লিয়ারেন্স পদ্ধতিটা ডিজিটালাইজেশন করতে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানজিদা বলেন, আমার বাড়ি পঞ্চগড়ে। ক্লিয়ারেন্স নিতে ও কাগজপত্র জমা দিতে এতদূর আসা লাগছে। আবার হল প্রভোস্টের স্বাক্ষর আজকে পাইনি। এক্ষেত্রে আমার এখানে আজকে রাত থাকতে হবে। যা মেয়ে হিসেবে আমার কাছে ভোগান্তির বিষয়। সম্পূর্ণ প্রসেস টা যদি অনলাইনে করতে পারতাম। তাহলে সবকিছু সম্পন্ন করার পর একবারে শুধু সনদপত্র নিতে ক্যাম্পাসে আসতাম। এতে আমস্র ভোগান্তি অনেক কম হতো।

বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী হৃদয় আহমেদ বলেন, স্নাতক শেষ করার পর সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে গিয়ে আমাদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। ক্লিয়ারেন্স নিতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করতে হয়। কোনো কোনো কর্মকর্তা দপ্তরে না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ফলে একদিনে কাজ শেষ করা অনেক সময় সম্ভব হয় না। আমার বাড়ি দিনাজপুরে। আমার মতো দূরের জেলা থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে ভোগান্তি আরও বেশি। আমাদের অতিরিক্ত কয়েকদিন ক্যাম্পাসে থাকতে হওয়ায় সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। 

তিনি আরো বলেন, মার্কশিট ও ট্রান্সক্রিপ্টের জন্য আলাদাভাবে ফি জমা দিয়ে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। সাময়িক সনদ সংগ্রহের ক্ষেত্রেও বিভিন্ন কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি কয়েকদিন অপেক্ষা করতে হয়। বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসব প্রক্রিয়া আরও সহজ ও শিক্ষার্থী বান্ধব হওয়া প্রয়োজন। ক্লিয়ারেন্সসহ পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজ করা হলে শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থের অপচয় অনেকটাই কমবে।

ক্লিয়ারেন্স ডিজিটালাইজেশন করার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এটা একটি নীতিগত সিদ্ধান্ত। এখানে পরীক্ষা নিয়ন্ত্রকের কিছু করার নেই। মার্কশিট কিংবা সার্টিটিফিকেট এখান থেকেই প্রসেস হয় কিন্তু সম্পূর্ণ বিষয়টা সেন্ট্রালি নিয়ন্ত্রণ হয়। নীতিগত কিছু নিয়মকানুন আছে, সেগুলো অনুসরণ করে চলতে হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ থাকতেই পারে যে এটা কিভাবে আরও সহজ করা যায়। সেক্ষেত্রে তারা ছাত্র পরামর্শক বা বিভাগীয় প্রধানের নিকট দাবি তুললে তখন তারা যদি প্রস্তাব দেয় যে এটাকে আরও কিভাবে সহজ করা যায়, তখন এবিষয়ে সিদ্ধান্ত  গ্রহণ করা যাবে৷ এ ব্যাপারে আমার হাতে করার কিছুই নেই।

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ভোগান্তির বিষয়ে আমিও শুনেছি। এই সমস্যা সমাধানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অটোমেশন সফটওয়্যারের কাজ হাতে নিয়েছিল বলে শুনেছিলাম। প্রশাসন এই বিষয়ে ইতিবাচক আছে। অটোমেশন সফটওয়্যারটি চালু হয়ে গেলে শিক্ষার্থীদের এমন ভোগান্তি আশা করি থাকবে না। আমি আশা করছি খুব দ্রুততম সময়েই এইটা চালু করা হবে। তবে নির্দিষ্ট কোনো সময় বলতে পারছি না। আমি প্রশাসনিক পর্যায়ে এই বিষয় নিয়ে কথা বলবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন বলেন, ইতিমধ্যে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। প্রশাসন ইতিবাচক আছে এ বিষয়ে। আমরাও চাই না একজন শিক্ষার্থীর চার বছরের অর্জন হাতে পেতে যেন কোনো ভোগান্তির স্বীকার না হয়। সেইসাথে আমরা রেজাল্ট আরও দ্রুত কিভাবে দেওয়া যায়, সেই কার্যক্রমও চালু করেছি।

বিভি/আইএইচ/এজেড

মন্তব্য করুন: