• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ১৫০০ সমঝোতা স্মারক: ড. মামুন

প্রকাশিত: ১৯:২১, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২১, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ১৫০০ সমঝোতা স্মারক: ড. মামুন

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়াতে গত আট মাসে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫০০টির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব তথ্য জানান। ‘ব্রিজিং নলেজ উইথ ইন্ডাস্ট্রি ফর আ সাসটেইনেবল ফিউচার’ প্রতিপাদ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মামুন বলেন, উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ বাড়ানো এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। তা বাস্তবায়নে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করছে। ৩৭টি বিশ্ববিদ্যালয়ে সেমিনার এবং ১ হাজার ৫০০টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর এ উদ্যোগের উল্লেখযোগ্য অগ্রগতি। তবে শুধু চুক্তি স্বাক্ষর করলেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা জরুরি। বর্তমানে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিল্পখাতের চাহিদার সমন্বয় নেই। ফলে ডিগ্রি অর্জনের পরও শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতিতে পড়েন। এ ব্যবধান কমাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে হবে।

এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদান, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বাস্তব শিল্পপ্রকল্পে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরির পরামর্শ দেন।

ইউজিসি সদস্য বলেন, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা ও যুগোপযোগী করতে হবে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে উৎপাদন এবং শিল্পক্ষেত্রে কাজে লাগাতে হবে। এ জন্য যৌথ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণার ফলাফল শিল্পপ্রতিষ্ঠানে প্রয়োগের ওপর জোর দেন তিনি।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ সেল গঠন এবং নিয়মিত চাকরি মেলার আয়োজনের বিষয়টিও সরকারের উদ্যোগের অংশ বলে জানান অধ্যাপক ড. মামুন। তিনি বলেন, স্নাতক পর্যায়ে তিন থেকে ছয় মাসের বেতনভুক্ত ইন্টার্নশিপকে শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা আরও কর্মমুখী হবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধু চাকরিপ্রার্থী তৈরির প্রতিষ্ঠান হিসেবে দেখলে চলবে না; গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে হবে। একাডেমিয়া ও শিল্পখাতের কার্যকর অংশীদারত্ব প্রতিষ্ঠিত হলে প্রযুক্তি উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর।

বিভি/এসবি/এজেড

মন্তব্য করুন: