• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আ. লীগের পুনর্বাসনের পক্ষে বক্তব্য: জাবি প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি

প্রকাশিত: ০১:৩২, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আ. লীগের পুনর্বাসনের পক্ষে বক্তব্য: জাবি প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। এসব সংগঠন তার অপসারণসহ সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

গত ২১ নভেম্বর তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি তোলে ছাত্রদল। একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তদন্ত চলাকালে তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

পরদিন ২২ নভেম্বর চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। এতে অধ্যাপক স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অপসারণের দাবিও জানানো হয়।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হলেও এর সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন: