• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন

প্রকাশিত: ১১:১৫, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে কমপ্লিট শাটডাউন এর কারণে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনও কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। এ প্রেক্ষাপটে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।

অন্যদিকে শাটডাউন কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় নগরীর  ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।  

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর সাবেক উপাচার্য ড. আবু সাদাত মো. সায়েমকে  পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়। সেসময় শিক্ষক ও কর্মকর্তারাও আন্দোলনে সংহতি জানালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। ১২ অক্টোবর নতুন ভিসি তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অবরুদ্ধ করা হয় এবং পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে উদ্ধার করেন।পরে চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। এসব আলোচনার ভিত্তিতে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছিলেন কমিটির সদস্যরা।তবে পরবর্তীতে তাদের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। দীর্ঘ অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করলেও উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট বিরোধের এখনো কোনো দৃশ্যমান সমাধান হয়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত