গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা সরিয়ে নেয়া হলো অন্য দুই জেলায়
ফাইল ছবি
এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে আওয়ামী তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের পরীক্ষা কোথায় নেওয়া হবে সে বিষয়ে ছিল কৌতুহল। অবশেষে তা স্পষ্ট করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
জানা গেছে, গোপালগঞ্জের শিক্ষার্থীদের এইচএসসির সম্পূরক পরীক্ষা নেওয়া হবে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুরের দুটি উপজেলায়। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষার কেন্দ্র হিসেবে মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গাকে নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
গোপালগঞ্জে সম্পূরক পরীক্ষা আয়োজনের অনুকূল পরিবেশ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সারা দেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষা পেছানোর সুযোগ নেই। এ কারণে গোপালগঞ্জের পরীক্ষার্থীদের জন্য পার্শ্ববর্তী জেলার সুবিধাজনক উপজেলায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা মাদারীপুরের রাজৈরে পরীক্ষা দেবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ফরিদপুরের আলফাডাঙ্গায়।
এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
ফল অনুযায়ী, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার সুযোগ দিতে সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: