• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইত্যাদির মঞ্চে মোশাররফ করিম, সঙ্গে থাকবেন চারজন দর্শক

প্রকাশিত: ১৭:১৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইত্যাদির মঞ্চে মোশাররফ করিম, সঙ্গে থাকবেন চারজন দর্শক

ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। বিশেষ করে ঈদের বিশেষ ইত্যাদিতে থাকে ব্যাপক ও বর্ণিল আয়োজন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হবে না। ইত্যাদি যেমন দুই যুগ আগের দর্শকদের কাছে প্রিয়, তেমনি এই প্রজন্মের ডিজিটাল দর্শকদের কাছেও সমান জনপ্রিয়। প্রতিটি ইত্যাদির ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা সেটাই প্রমাণ করে।

জানা যায়, এবারের ঈদে ইত্যাদির নতুন পর্বে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে বলা হয়, নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ—সবক্ষেত্রেই তুখোড় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে ঈদ ইত্যাদিতে দর্শকপর্বের অতিথি হিসেবে। আর শক্তিমান এই অভিনেতা ইত্যাদিতে সরাসরি অভিনয় করবেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে।

ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারেও দর্শক পর্বের জন্য একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে চারজন দর্শক। হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলো উপরে তুলে ধরেন, তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। 

তিনি তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই দর্শকদের সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা-অভিনেত্রী না হয়েও মোশাররফ করিমের সঙ্গে দর্শকদের তাৎক্ষণিক এই অভিনয় উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করেন এবং মুহুর্মুহু করতালির মাধ্যমে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেন। মোশাররফ করিম ও দর্শকদের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে একটি চমৎকার বক্তব্য। 

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত