• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যেসব বলিউড তারকা বিয়ে করেছেন ক্রিকেটারকে

প্রকাশিত: ১৮:১২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যেসব বলিউড তারকা বিয়ে করেছেন ক্রিকেটারকে

ক্রিকেট ও বলিউড—ভারতের বিনোদন ও ক্রীড়াজগতের দুই জনপ্রিয় অঙ্গন। তাই এই দুই জগতের তারকাদের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহও বরাবরই তুঙ্গে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন বেশ কয়েকটি আলোচিত জুটি রয়েছে, যেখানে ক্রিকেটাররা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রীদের।

মনসুর আলি খান পাতৌদি ও শর্মিলা ঠাকুর
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রেমের গল্প ছিল বেশ আলোচিত। ১৯৬৫ সালে দিল্লির একটি পার্টিতে তাদের প্রথম দেখা হয়।

ধর্মীয় পার্থক্য থাকলেও ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। ১৯৬৯ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ সময় একসঙ্গে সংসার করেছেন এই তারকা জুটি।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম ও বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন তারা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত সেই বিয়ে ক্রিকেট ও বলিউড—দুই অঙ্গনেই আলোচনার জন্ম দেয়।

যুবরাজ সিং ও হ্যাজেল কিচ
সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী হ্যাজেল কিচের সম্পর্কের গল্পও বেশ আলোচিত। যুবরাজের ভাষ্য অনুযায়ী, তিনি হ্যাজেলকে কয়েকবার কফির জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে শুরুতে হ্যাজেল তাতে সাড়া দেননি। পরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৫ সালে বাগদান এবং ২০১৬ সালে বিয়ে করেন তারা।

জহির খান ও সাগরিকা ঘাটগে
‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমায় প্রীতি সবরওয়ালের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাবেক ভারতীয় পেসার জহির খান। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে বিয়ে করেন তারা।

এর আগে যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পর তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।

হরভজন সিং ও গীতা বসরা
সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং বিয়ে করেন ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরাকে। বিয়ের আগে প্রায় পাঁচ-ছয় বছর সম্পর্কে ছিলেন তারা।

২০১৫ সালে বিয়ের মাধ্যমে সম্পর্কের পরিণতি দেন এই জুটি।

মোহাম্মদ আজহারউদ্দিন ও সংগীতা বিজলানি
সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানির সম্পর্কও একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালে তাদের প্রথম দেখা হয়। পরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। সংগীতাকে বিয়ের আগে প্রথম স্ত্রীর সঙ্গে আজহারউদ্দিনের বিবাহবিচ্ছেদ হয়।

বিয়ের পর সংগীতা নিজের নাম পরিবর্তন করে আয়েশা আজহার রাখেন। তবে প্রায় ১৪ বছর সংসারের পর ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

ক্রিকেটার ও বলিউড তারকাদের এসব সম্পর্ক ও বিয়ে ভারতীয় ক্রীড়া ও বিনোদনজগতের আলোচিত অধ্যায় হয়ে আছে। তাই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ এখনো কমেনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: