• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পুরোনো প্রেমের স্মৃতি উসকে দিল দেব-শুভশ্রীর নতুন রসায়ন

প্রকাশিত: ১৪:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পুরোনো প্রেমের স্মৃতি উসকে দিল দেব-শুভশ্রীর নতুন রসায়ন

একসময় তাদের প্রেম ছিল টালিপাড়ার অন্যতম আলোচিত অধ্যায়। পর্দার জনপ্রিয় জুটি থেকে বাস্তব জীবনের প্রেম, এরপর বিচ্ছেদ—দেব ও শুভশ্রী গাঙ্গুলির সেই গল্প এখনও ভক্তদের মনে বেশ আলোচিত। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় একসঙ্গে ফিরেছেন তারা। আর তাদের নতুন রসায়ন যেন ফিরিয়ে এনেছে সেই পুরোনো দিনের স্মৃতি।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে ধারণ করা গানটিতে দেব-শুভশ্রীর রোমান্টিক উপস্থিতি ইতোমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রসায়ন নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে দুই তারকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি। কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোনো ফ্রেমে ধরা পড়েছে আরও অন্তরঙ্গ মুহূর্ত। সিনেমার প্রচারণার অংশ হিসেবেই ছবিগুলো প্রকাশ করা হলেও, সেগুলো দেখে পুরোনো প্রেমের গল্প মনে পড়েছে অনেক ভক্তের।

সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভশ্রীর একটি ক্যাপশন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ এরপরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।

একটি ছবিতে দেখা যায়, শুভশ্রী পেছন থেকে দেবকে জড়িয়ে রেখেছেন। অন্য একটি ছবিতে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন অভিনেত্রী। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে আছে শুভশ্রীর মুখ। পর্দার এই ঘনিষ্ঠ মুহূর্তগুলোই যেন নতুন করে সামনে এনেছে একসময়কার আলোচিত জুটিকে।

দেব ও শুভশ্রী শুধু পর্দার জুটি ছিলেন না, বাস্তব জীবনেও একসময় সম্পর্কে ছিলেন। পরে সেই সম্পর্কের ইতি ঘটে। দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেলেও তাদের পুরোনো প্রেমের গল্প ভক্তদের স্মৃতিতে রয়ে গেছে।

তাই বহু বছর পর আবারও একই পর্দায় দেব-শুভশ্রীকে কাছাকাছি দেখে তৈরি হয়েছে আলাদা এক নস্টালজিয়া। নতুন সিনেমার রসায়নের আড়ালে যেন ফিরে এসেছে টালিপাড়ার সেই পুরোনো প্রেমের গল্প।

বিভি/এজেড

মন্তব্য করুন: