বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ওহাজ আলী
পাকিস্তানের জনপ্রিয় নাটক ‘তেরে বিন’-এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেতা ওহাজ আলী এবার বাংলাদেশে আসছেন। ঢাকায় একটি বিশেষ আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছেন ওহাজ আলী।
ভিডিও বার্তায় বাংলাদেশি দর্শকদের উদ্দেশে ওহাজ আলী বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া “ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার” নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে “ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার”-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’
আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’।
এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে আয়োজক কর্তৃপক্ষ জানায়, সেখানে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী ব্যক্তিগত অতিথি হিসেবে ওই আয়োজনে অংশ নেবেন। মূলত অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশ নিতেই বাংলাদেশে আসছেন তিনি।
আয়োজকরা জানান, ইভেন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়কারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন। তারা ওহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। বিজয়ীর সংখ্যা কত হবে, তা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’—এমন যে পোস্ট বা তথ্য ছড়িয়েছে, সে বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ধরনের তথ্য সম্পর্কে অবগত নয়। অনুষ্ঠানের মূল বিষয় হলো প্রদর্শনী এবং এর সমাপনী আয়োজনে ওহাজ আলীর উপস্থিতি।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।
অভিনয় ক্যারিয়ারে ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে ওহাজকে। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে আলাদা করে নজর কাড়ে।
তবে ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর নাটকটির প্রচার শুরু হয় এবং প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে অভিনয় করেন ইয়ুমনা জায়েদি।
মীরব ও মুরতাসিমের সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির মাধ্যমে ওহাজ আলীর পরিচিতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
বিভি/টিটি













মন্তব্য করুন: