কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে ক্ষোভ সালমানের
সালমান খান
‘বিগ বস্ ২০’-র সাপ্তাহান্তিক পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। গত সপ্তাহে ছবিশিকারি, চেহারা নিয়ে কটাক্ষ এবং সমালোচনা প্রসঙ্গে সরব হয়েছিলেন অভিনেতা। আর এই সপ্তাহে তার আলোচনার বিষয় হয়ে উঠল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান অপব্যবহার। সমাজমাধ্যমে যে সমস্ত ভিডিও বা ছবি শেয়ার করা হয়, সেগুলির ক্ষেত্রে আরও কড়া আইন ও নিয়ন্ত্রণের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সালমানের দাবি, এআই বা প্রযুক্তি ব্যবহার করে কারও কণ্ঠস্বর নকল করা এবং বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা সম্ভব। এ ধরনের ভিডিও কী ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির সমস্যার কারণ হয়ে উঠতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিনেতার কথায়, এআই দিয়ে তৈরি করে কারও কণ্ঠস্বর কাজে লাগিয়ে তাকে দিয়ে আপত্তিকর বা নোংরা কথা বলানো যেতে পারে। উদাহরণ দিয়ে সালমান বলেন, “ধরুন, কেউ আপনার এআই কণ্ঠস্বর নিয়ে ‘ডাব’ করে কাউকে গালাগাল দিয়ে দিল!”
তিনি আরও ব্যাখ্যা করেন, অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে, কোন ভিডিও ভুয়ো বা প্রযুক্তি দিয়ে তৈরি। ফলে সেটি সত্যি ভেবে সমাজমাধ্যমে নিজেরাও ছড়িয়ে দেন। যারা জেনেশুনে এই ধরনের ভুয়া ভিডিও তৈরি করেন, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সালমান। তার বক্তব্য, “ওই ধরনের মানুষদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।”
এআই-এর অপব্যবহার রুখতে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন অভিনেতা। তার কথায়, সমাজমাধ্যমে কী প্রকাশ করা যাবে, বা যাবে না সেই সংক্রান্ত নিয়ম আরও কঠোর হওয়া প্রয়োজন। নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।
বিভি/জোহা













মন্তব্য করুন: