বিবাহ বহির্ভূত সম্পর্কে গোবিন্দ, মুখ খুললেন স্ত্রী সুনীতা
গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরে। সম্প্রতি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে মুম্বাইয়ের লালবাগচা রাজার মণ্ডপে গিয়ে গণেশপুজো করেন গোবিন্দ। ঘটনাটি নজর কাড়ে আরও একটি কারণে। গোবিন্দ যাওয়ার কয়েক ঘণ্টা আগেই সেখানে পূজা দিতে গিয়েছিলেন সুনীতাও।
সুনীতা একাধিক বার অভিযোগ করেছেন, গোবিন্দ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সেই অভিযোগই আরও ঘনীভূত হয়েছে গোবিন্দ ও কোমলের একসাথে মণ্ডপদর্শনে। এই জল্পনার মাঝে মুখ খুলেছেন সুনীতা। এক সাক্ষাৎকারে তিনি প্রথমেই স্পষ্ট জানান, স্বামী গোবিন্দ বা তার সহ-অভিনেত্রীকে নিয়ে কোনও মন্তব্য করতে চান না। সুনীতার কথায়, “গোবিন্দের বিষয়ে বা তার সহ-অভিনেত্রীর বিষয়ে আমি কিছু বলতে চাই না।” তবে স্বামীর মঙ্গল কামনাও করেছেন তিনি। সুনীতা বলেন, “আমি দেখছি, ও ভাল আছে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন। ও যে ভাবে জীবন কাটাতে চায়, সে ভাবেই কাটাক।”
সুনীতা আরও জানান, এই ধরনের বিষয় নিয়ে তিনি নিজের মনকে ব্যস্ত রাখতে চান না। তার কথায়, “আমি এ সবে মন দিতে চাই না। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও যেখানেই থাকুক, যার সঙ্গেই থাকুক, সুখে থাকুক, ভাল থাকুক।” বর্তমানে তার মূল লক্ষ্য নিজের কাজ, সেটাও স্পষ্ট করে দিয়েছেন সুনীতা। তিনি বলেন, “আমার মূল লক্ষ্য আমার কাজ। আমি বার বার বিতর্কে জড়াতে চাই না।”
সুনীতার বক্তব্য, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে সময় নষ্ট না করে প্রত্যেকের নিজের সুখের দিকে নজর দেওয়া উচিত। সুনীতার এই মন্তব্যের কয়েক দিন আগেই গোবিন্দের সঙ্গে আলোচিত সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন কোমল। একটি দীর্ঘ বিবৃতিতে তিনি অভিযোগ করেছিলেন, সুনীতা নাকি বেশ কয়েক বছর ধরে তার স্বামীকে ‘খুন’ করার চেষ্টা করছেন। এমনকি, এ-ও বলেছিলেন, “যে সংসার আগে থেকেই ভেঙে রয়েছে, সেই সংসার আর কেউ ভাঙতে পারে না।”
বিভি/জোহা













মন্তব্য করুন: