• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

এআই দিয়ে ছবি পরিবর্তন না করার অনুরোধ ইয়ামি গৌতমের

প্রকাশিত: ১৬:৪৭, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এআই দিয়ে ছবি পরিবর্তন না করার অনুরোধ ইয়ামি গৌতমের

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। এবার গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। জনসমক্ষে তোলা তার ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তন, সম্পাদনা কিংবা সৌন্দর্যবর্ধন না করার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

রোববার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইয়ামি লেখেন, ‘গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ—জনসমক্ষে আমার তোলা ছবিগুলো পরিবর্তন বা সৌন্দর্যবর্ধনের জন্য দয়া করে এআই ব্যবহার করবেন না। ছবিগুলো যেভাবে তোলা হয়েছে, সেভাবেই প্রকাশ করার অনুরোধ করছি। কোনো ব্যক্তির জ্ঞান ও সম্মতি ছাড়া এআই ব্যবহার করে তার ছবি বা অবয়ব পরিবর্তন কিংবা বিকৃত করা উচিত নয়।’

ইয়ামির এই অনুরোধ এমন এক সময়ে এলো, যখন তারকাদের ছবি ও ভিডিও নিয়ে এআই-নির্ভর বিকৃতি এবং ডিপফেক কনটেন্টের ঘটনা ক্রমেই বাড়ছে। এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ছবি ও পরিচয় ব্যবহার করে তৈরি আপত্তিকর কনটেন্ট, এআই-নির্মিত ডিপফেক, ভুয়া পর্নোগ্রাফি, পণ্য ও বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল বোম্বে হাইকোর্ট। এসব কনটেন্টে সামান্থার নাম, ছবি, অবয়ব ও পরিচয়ের বিভিন্ন দিক অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এদিকে ‘চুট্টামাল্লে’ গানের একটি বিকৃত এআই ভিডিও নিয়েও সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। ‘দেভারা: পার্ট ১’ সিনেমার এই গানে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর। শনিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিকৃত ভিডিও নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানান জুনিয়র এনটিআর।

ছড়িয়ে পড়ার পর সরিয়ে নেওয়া ভিডিওটিতে গানটির দৃশ্যে জাহ্নবী কাপুরের অবয়ব ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে আপত্তিকর ও যৌনভাবে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছিল।

এ ঘটনার নিন্দা জানিয়ে এআই প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে সরব হন অভিনেতা চিরঞ্জীবীও। পুরো তেলুগু চলচ্চিত্র অঙ্গনকে এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

চিরঞ্জীবী বলেন, ‘এটি শুধু একজন ব্যক্তি বা একটি সিনেমার বিষয় নয়। আজ এটি অন্য কারও সঙ্গে ঘটেছে, আগামীকাল আপনার, আমার কিংবা আমাদের পরিচিত যেকোনো কারও সঙ্গে ঘটতে পারে। শুধু নিজের সঙ্গে ঘটেনি বলে আমরা নীরব থাকতে পারি না। এই অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের সবার দায়িত্ব।’

এদিকে নতুন সিনেমা ‘নাইয়ি নাভেল্লি’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন ইয়ামি গৌতম। সিনেমাটিতে মোহিনী চরিত্রে অভিনয় করেছেন তিনি। গল্পে দেখা যাবে, নতুন বউ হিসেবে আওয়াস্থি পরিবারের ঘরে আসার পর ধীরে ধীরে নানা প্রশ্নের মুখোমুখি হতে থাকেন মোহিনী। তার চরিত্র এবং তাকে ঘিরে থাকা নানা রহস্য গল্পকে ভিন্ন দিকে নিয়ে যায়।

সিনেমাটিতে ইয়ামির সঙ্গে অভিনয় করেছেন আদিনাথ এম কোঠারে, অনুরাগ ঠাকুর, সুনীতা রাজওয়ার, মিতা বশিষ্ঠ, আদিত্য কুলশ্রেষ্ঠ, সুস্মিতা মুখার্জি ও প্রতীক পাচোরি। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

বিভি/জোহা

মন্তব্য করুন: