৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে হয়েছেন অভিনেতা
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই অভিনেতার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করছেন তিনি। তবে অভিনয়জগতে তাঁর আসার গল্পটা ছিল বেশ অন্য রকম।
একসময় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন শাহরুখ। ক্রিকেট, ফুটবল ও হকিতে ভালো দক্ষতাও ছিল তাঁর। কিন্তু পিঠের নিচের অংশে গুরুতর চোট পাওয়ায় থেমে যায় সেই স্বপ্ন। দীর্ঘদিন বিছানায় থাকতে হয়েছিল তাঁকে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করেন তিনি।
সেই সময় মায়ের পরামর্শে থিয়েটারের সঙ্গে যুক্ত হন শাহরুখ। দিল্লির লেডি শ্রীরাম কলেজে ‘অ্যানি গেট ইওর গান’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর মঞ্চযাত্রা। পরে রামলীলায় হনুমানের দলের একটি বানরের চরিত্রে অভিনয় করেন তিনি। নিজের প্রথম দিকের সেই অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, বানরের লম্বা লেজ নিয়ে মঞ্চে অভিনয় করাই তাঁকে দর্শকের সামনে ভয় কাটাতে সাহায্য করেছিল।
থিয়েটার থেকে টেলিভিশন, এরপর বড় পর্দা—এভাবেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন শাহরুখ। ‘ফৌজি’, ‘সার্কাস’সহ টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।
এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।
৬১তম জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা। অভিনয়জীবনের শুরুতে নানা বাধা পেরিয়ে আজ তিনি বিশ্বজুড়ে পরিচিত এক নাম।
বিভি/জোহা













মন্তব্য করুন: