• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

যে সিনেমাগুলো আজও মনে রেখেছেন হলিউড তারকারা

প্রকাশিত: ১৭:১৬, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যে সিনেমাগুলো আজও মনে রেখেছেন হলিউড তারকারা

কোনো সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, কখনো কখনো তা হয়ে ওঠে জীবনের গল্প, ব্যক্তিগত স্মৃতি কিংবা কঠিন সময় পেরিয়ে আসার অনুপ্রেরণা। প্রিয় ও বিশেষ সিনেমার পেছনের এমন অনুভূতির কথাই জানিয়েছেন হলিউডের একঝাঁক তারকা ও নির্মাতা।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিবিসির বিশেষ ফটো স্টুডিওতে অংশ নিয়ে নিজেদের ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ সিনেমা ও কাজের অভিজ্ঞতা তুলে ধরেন তাঁরা। এই তালিকায় রয়েছেন রেবেল উইলসন, ট্যারন এগারটন, লরা লিনি, ক্রিস্টিন ফ্রোসেথ, জোনাহ হাউর-কিংসহ অনেকে।

অভিনেত্রী ক্রিস্টিন ফ্রোসেথের কাছে বিশেষ জায়গা দখল করে আছে লেনা ডানহামের ‘শার্প স্টিক’। সিনেমাটিতে সারাহ জো নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত আঘাত ও মানসিক জটিলতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া চরিত্রটি তাঁর কাছে ছিল আবেগঘন এক অভিজ্ঞতা। ফ্রোসেথের মতে, সিনেমাটিতে কাজ করা তাঁর নিজের অনুভূতি ও অভিজ্ঞতা বোঝার ক্ষেত্রেও সহায়ক হয়েছে।

অভিনেতা জোনাহ হাউর-কিংয়ের কাছে বিশেষ অর্থ বহন করে ‘দ্য ইডেন এক্সপ্রেস’। ছবিটি কার্ট ভনেগাটের ছেলে মার্কের জীবন ও মানসিক বিপর্যয়ের গল্প নিয়ে নির্মিত। অন্যদিকে নির্মাতা স্টেফানি আহনের ‘বেডফোর্ড পার্ক’ তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। কোরীয়-আমেরিকান পরিচয়, দুই সংস্কৃতির টানাপোড়েন এবং মাতৃত্বের আগের জীবনের নানা দ্বন্দ্ব উঠে এসেছে এতে।

প্রযোজক সারাহ মোয়াসওয়েসের কাছে গুরুত্বপূর্ণ ‘এডওয়ার্ড সাঈদ: বিটুইন টু ওয়ার্ল্ডস’। ফিলিস্তিনি বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদের জীবনভিত্তিক এই প্রামাণ্যচিত্রে সংরক্ষিত আর্কাইভ ফুটেজ ব্যবহার করা হয়েছে। ফিলিস্তিনি হিসেবে তাঁর গল্প বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন প্রযোজক।

অন্যদিকে অভিনেত্রী এলা ব্যালান্টাইনের সবচেয়ে স্মরণীয় কাজ ‘দ্য মনস্টার’। মাত্র ১৪ বছর বয়সে ছবিটির শুটিংয়ে অংশ নেন তিনি। রাতভর বৃষ্টির মধ্যে শুটিং এবং অভিনেত্রী জো কাজানের কাছ থেকে পাওয়া সহযোগিতা তাঁর কাছে আজও বিশেষ স্মৃতি।

এ ছাড়া প্রযোজক ক্রিস্টিন ঝাংয়ের পছন্দের কাজ ‘লি’, যেখানে কেট উইন্সলেট যুদ্ধকালীন আলোকচিত্রী লি মিলারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা লার্স ভেগার কাছে আবার বিশেষ অনুপ্রেরণা জ্যাক নিকলসনের ‘অ্যাবাউট শ্মিট’।

তারকাদের এসব অভিজ্ঞতায় উঠে এসেছে, একটি সিনেমার গুরুত্ব শুধু তার সাফল্য বা জনপ্রিয়তায় সীমাবদ্ধ নয়। কখনো একটি চরিত্র, কখনো শুটিংয়ের অভিজ্ঞতা, আবার কখনো ব্যক্তিগত স্মৃতিই কোনো চলচ্চিত্রকে শিল্পীর জীবনে চিরস্থায়ী করে তোলে। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত