• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

তামিল সিনেমার প্রযোজকদের ১৬ কোটি রুপি ভর্তুকি দিলেন থালাপতি বিজয়

প্রকাশিত: ১৬:৪৮, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তামিল সিনেমার প্রযোজকদের ১৬ কোটি রুপি ভর্তুকি দিলেন থালাপতি বিজয়

দীর্ঘ সাত বছর ধরে আটকে থাকা সরকারি ভর্তুকি অবশেষে পেলেন তামিল চলচ্চিত্রের ২২৪ প্রযোজক। দীপাবলির উপহার হিসেবে তাঁদের হাতে মোট ১৫ কোটি ৬৮ লাখ রুপি তুলে দিয়েছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজযয়ের উদ্যোগে এই অর্থ ছাড় করা হয়েছে।

চেন্নাইয়ের চেপকে আয়োজিত এক অনুষ্ঠানে তামিলনাড়ুর তথ্য ও প্রচারমন্ত্রী রাজমোহন অরুমুগাম নির্বাচিত প্রযোজকদের হাতে ভর্তুকির চেক তুলে দেন। প্রত্যেক প্রযোজক পেয়েছেন সাত লাখ রুপি করে।

২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত আট বছরে নির্মিত সিনেমাগুলোর মধ্য থেকে এই ভর্তুকির জন্য ২২৪টি চলচ্চিত্র নির্বাচন করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি এস কে কৃষ্ণনের নেতৃত্বাধীন একটি কমিটি সিনেমাগুলো যাচাই-বাছাই করে তালিকা তৈরি করে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযোজক টি শিবা। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সাত বছর ধরে আটকে থাকা ভর্তুকির অর্থ ছাড় হওয়ায় ২২৪ প্রযোজক ও তাঁদের পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁর ভাষায়, এটি শুধু আর্থিক সহায়তা নয়, চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেক পরিবারের জন্য দীপাবলির উপহার।

টি শিবার দাবি, ভর্তুকির সুবিধাভোগীদের প্রায় ৯০ শতাংশই চলচ্চিত্র নির্মাণের কারণে জীবিকা হারিয়েছেন। এই সহায়তা তাঁদের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করবে।

মূলত স্বল্প বাজেটে নির্মিত এবং সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা তামিল সিনেমাকে উৎসাহিত করতেই এই ভর্তুকি প্রকল্প চালু রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী রাজমোহন বলেন, বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নির্মিত চলচ্চিত্রও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তামিল সিনেমার রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননা যোগ্যতা, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া হবে বলেও জানান তিনি। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত