• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

‘অ্যানিম্যাল’ ও ‘ধুরন্ধর’ নিয়ে ধ্রুব রাঠি কড়া সমালোচনা

প্রকাশিত: ১৭:৩৮, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘অ্যানিম্যাল’ ও ‘ধুরন্ধর’ নিয়ে ধ্রুব রাঠি কড়া সমালোচনা

ভারতের অন্ধ্রপ্রদেশে স্কুলে চেইনসো দিয়ে হামলার ঘটনায় সিনেমায় সহিংসতা দেখানোর প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনায় ‘অ্যানিম্যাল’ ও ‘ধুরন্ধর’ সিনেমার প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি। তবে তাঁর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নির্মাতা রাম গোপাল ভার্মা।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডু এলাকার একটি সরকারি স্কুলে ক্লাস চলাকালে ২১ বছর বয়সী এক যুবক চেইনসো নিয়ে ঢুকে দশম শ্রেণির দুই ছাত্রীকে আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে। এতে এক ছাত্রী গুরুতর আহত হন। অন্য ছাত্রী তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলিউডের সহিংসতাপূর্ণ সিনেমাগুলোর প্রসঙ্গ তুলেছেন। বিশেষ করে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমার একটি দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে, যেখানে রণবীর কাপুরের চরিত্রকে স্কুলের শ্রেণিকক্ষে বন্দুক হাতে প্রবেশ করতে দেখা যায়।

এ প্রসঙ্গে ধ্রুব রাঠি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘অ্যানিম্যাল’ ও ‘ধুরন্ধর’-এর মতো সিনেমা অপরাধীদের এমন কাজের নমুনা বা অনুকরণ করার সুযোগ করে দিয়েছে। তাঁর মন্তব্যের পর সিনেমায় সহিংসতার উপস্থাপন এবং দর্শকদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে।

তবে ধ্রুব রাঠির বক্তব্যের সঙ্গে একমত নন রাম গোপাল ভার্মা। এক্সে তিনি লেখেন, ‘সহিংসতা বৃদ্ধির জন্য সিনেমাকে দায়ী করা, অপহরণ বৃদ্ধির জন্য রামায়ণকে দায়ী করার মতো।’

ভার্মার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, সিনেমা সরাসরি অপরাধের কারণ না হলেও সমাজ ও দর্শকের মানসিকতায় এর কোনো প্রভাব নেই—এমন দাবি কতটা যুক্তিসংগত।

তামিল নির্মাতা প্রকাশ রাঘবদাসও ভার্মার মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর যুক্তি, রামায়ণে অপহরণ করেছিল খলনায়ক, কিন্তু আধুনিক অ্যাকশন সিনেমায় অনেক সময় নায়ককেই সহিংসতার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়।

এদিকে ‘অ্যানিম্যাল’ সিনেমার সহিংস দৃশ্য নিয়ে আগেও নিজের সমর্থনের কথা জানিয়েছেন রাম গোপাল ভার্মা। তাঁর মতে, সহিংস সিনেমার উদ্দেশ্যই দর্শকের মধ্যে তীব্র আবেগ ও বিস্ময় তৈরি করা। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত