সাত দিনেই ৫০০ কোটি আয়ের পথে রণবীর-যশের ‘রামায়ণ’
মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। মুক্তির সাত দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার পথে ছবিটি। উৎসবের ছুটি শেষ হলেও সিনেমাটির আয় কমেনি, বরং কর্মদিবসেও দর্শক টানতে সক্ষম হয়েছে।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিন আয় করে ৬৪.৮৫ কোটি রুপি। প্রথম সপ্তাহান্তে আয় দাঁড়ায় ২৩৯ কোটি রুপিতে। এরপর সোমবার ও মঙ্গলবার রীতিমতো চমক দেখায় ছবিটি। সোমবার আয় করে ১০৭ কোটি এবং মঙ্গলবার ৯৪ কোটি রুপি।
হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদন অনুযায়ী, ১১ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৬৯ কোটি রুপি। ফলে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ এখন সময়ের অপেক্ষা।
শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষাতেও দর্শকদের সাড়া পাচ্ছে সিনেমাটি। ডাব করা চারটি সংস্করণ মিলিয়ে আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।
সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন।
নামিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাজেট প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি বলে জানা গেছে। দুটি পর্বে নির্মিত এই মহাকাব্যিক সিনেমার দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।
বিভি/জোহা













মন্তব্য করুন: