• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ধর্মীয় রীতি ছাড়াই পারশা-আসাদ নূরের বিয়ে

প্রকাশিত: ১৫:১৪, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ধর্মীয় রীতি ছাড়াই পারশা-আসাদ নূরের বিয়ে

ধর্মীয় রীতি ছাড়াই পারশা-আসাদ নূরের বিয়ে

কেউ তাকে চেনেন ব্লগার হিসেবে, কারও কাছে তিনি বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট। ধর্মীয় বক্তব্য, মামলা, গ্রেফতার আর দেশত্যাগ—বহু ঘটনার মধ্য দিয়ে আলোচনায় এসেছেন আসাদ নূর। এবার তার ব্যক্তিগত জীবন ঘিরে নতুন আলোচনা। সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। 

প্রথমে বরের পরিচয় আড়াল করে বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন পারশা। একটি ছবি, মুখজুড়ে ফুলের আড়াল, আর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য প্রশ্ন। কে সেই বর? কেনই বা পরিচয় গোপন? এরপরেই তার বরের পরিচয় নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে নিজের সমাজ পাতায় পারশাকে বিয়ের খবর  প্রকাশ করলেন আসাদ নূর। তবে অনেকের মনে প্রশ্ন, কে এই আসাদ নূর? 

সম্প্রতি বিয়ের ছবি প্রকাশ করেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। ছবিতে নববধূর সাজে পারশা, পাশে বর। তবে স্বামীর মুখ রাখা হয় আড়ালে। শুরু হয় নানা জল্পনা। এতেই আলোচনায় আসে ব্লগার আসাদ নূরের নাম।

পোশাকের মিল, পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল আর সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ—সবকিছু মিলিয়ে নেটিজেনদের অনুসন্ধান আরও জোরালো হয়।

অবশেষে ১০ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের কথা স্বীকার করেন আসাদ নূর। দেখান নিজেদের বিয়ের ছবি। জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আক্‌দ সম্পন্ন হয়েছে। 

আসাদের ভাষ্য, বরের পরিচয় নিয়ে এই রহস্য তৈরি করাও ছিল তাদের পরিকল্পনার অংশ। সমাজের প্রচলিত ট্যাবু, ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল এবং ধর্মীয় গোঁড়ামি নিয়ে প্রশ্ন তুলতেই এমন কৌশল নিয়েছিলেন তাঁরা।

বিয়ের আইনগত প্রক্রিয়া সম্পর্কে আসাদ জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হয়নি বলে দাবি করেন তিনি।

তবে পারশার সঙ্গে বিয়ের খবরের বাইরেও আসাদ নূরের রয়েছে দীর্ঘ বিতর্কিত ও আলোচিত অতীত। ২০১৩ সালে ব্লগিং শুরু করেন আসাদ। ধর্মীয় বিশ্বাস, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক বিভিন্ন ইস্যুতে তার বক্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৮ সালের আগস্টে জামিনে মুক্তি পেলেও সেপ্টেম্বরে আবার আটক হন তিনি। পরবর্তী সময়ে ২০১৯ সালের জানুয়ারিতে মুক্তি পান এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ছাড়েন।

আসাদ নূরের বিরুদ্ধে এসব অভিযোগ ও আটক নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যানিস্টস ইন্টারন্যাশনাল উদ্বেগ জানিয়েছিল। তাঁদের বক্তব্য ছিল, মতপ্রকাশের কারণে আসাদ ও তার পরিবারের সদস্যরা হয়রানি ও হুমকির মুখে পড়েছেন। ২০২০ সালেও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন অভিযোগ আনার কথা জানায় হিউম্যানিস্টস ইন্টারন্যাশনাল।

একদিকে ধর্মীয় বক্তব্য ঘিরে বিতর্ক, অন্যদিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন—এই দুই বিপরীত অবস্থানের মাঝেই আলোচিত হয়েছেন আসাদ নূর। এবার তার জীবনের নতুন অধ্যায় পারশা মাহজাবীন পূর্ণীকে ঘিরে। পারশা সংগীতশিল্পী ও অভিনেত্রী হিসেবে পরিচিত। জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা এবং ‘চলো ভুলে যাই’ গান নিয়েও কথা বলেছেন আসাদ। পারশার পরিবার, বেড়ে ওঠা ও পেশাগত অর্জনের প্রশংসা করে তাঁকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

জানা যায়, কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবীর সুমনের বাড়িতে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছেন আসাদ নূর ও পারশা। সেখানে নাকি তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা যায়। 

অতীতের বিতর্ক, পরিচয় গোপন করে বিয়ের আয়োজন, আর শেষ পর্যন্ত প্রকাশ্যে স্বীকারোক্তি—সব মিলিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে আসাদ নূর ও পারশা মাহজাবীন পূর্ণী। 

 

বিভি/জোহা

মন্তব্য করুন: