• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রক্তক্ষয়ী অ্যাকশন নিয়ে ‘গানমাস্টার জি৯’-এ ইমরান হাশমি

প্রকাশিত: ১৭:৪১, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রক্তক্ষয়ী অ্যাকশন নিয়ে ‘গানমাস্টার জি৯’-এ ইমরান হাশমি

প্রেমের মানুষের জন্য কতদূর যেতে পারেন একজন মানুষ? প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে হাতে তুলে নিতে পারেন অস্ত্র, হয়ে উঠতে পারেন ভয়ংকর! এমনই এক রক্তক্ষয়ী গল্প নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তাঁর নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

ট্রেলারে ইমরানকে দেখা গেছে এক দুর্ধর্ষ অ্যাকশন চরিত্রে। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, অতীতের সংঘাত আর প্রতিশোধ—সব মিলিয়ে গল্প এগিয়েছে ভিন্ন এক আবহে। পরিবারের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করতে রাজি নন তিনি। প্রিয়জনদের দিকে কেউ চোখ তুলে তাকালেও কঠিন পরিণতির হুঁশিয়ারি দিতে দেখা গেছে তাঁকে।

সিনেমাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অপারশক্তি খুরানা ও অভিষেক সিং।

ট্রেলারে ইমরানের চরিত্রের কোমল দিকটিও উঠে এসেছে। জেনেলিয়ার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘হয়তো তোমাকে হাসাতে পারব না, কিন্তু কাউকে তোমাকে কাঁদাতে দেব না।’ অন্যদিকে পরিবারের প্রতি হুমকি এলে তাঁর ভয়ংকর রূপ সামনে আসে।

সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত। প্রায় দুই দশক পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন ইমরান, পরিচালক আদিত্য দত্ত ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া। এর আগে ২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

সিনেমায় অ্যাকশনের পাশাপাশি থাকছে রোমান্স, আবেগ ও সংগীতের মেলবন্ধন। হিমেশ রেশমিয়া ও অসিস কৌরের কণ্ঠে ‘আফসানা বানায়া আপনে’ গানটিও ট্রেলারে জায়গা পেয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ নভেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গানমাস্টার জি৯’।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত