• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কৃষকদের নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো ‘কৃষিবীর’, রয়েছে ১৫ লাখ টাকার পুরস্কার

প্রকাশিত: ১৮:০৬, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৭, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কৃষকদের নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো ‘কৃষিবীর’, রয়েছে ১৫ লাখ টাকার পুরস্কার

কৃষকদের নিয়ে দেশের প্রথম মেগা রিয়েলিটি শো ‘কৃষিবীর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিজয়ী কৃষক পাবেন ১০ থেকে ১৫ লাখ টাকার পুরস্কার। 

শনিবার ঢাকা রিপোর্টারস ইউনিটের সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের এই ঐতিহাসিক উদ্যোগটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। 

আয়োজকরা জানান, খামার, মৎস্য ও চাষ—এই তিন বিভাগে ঘোষণা করা হবে তিনজন ‘কৃষিবীর’। মাসব্যাপী বাছাই প্রক্রিয়া, গ্রুমিং ও মাঠ পর্যায়ের রোমাঞ্চকর চ্যালেঞ্জ পার করে ফাইনালে উত্তীর্ণদের মধ্য থেকে প্রতিটি বিভাগের সেরা একজনকে চূড়ান্তভাবে ‘কৃষিবীর’ উপাধিতে ভূষিত করা হবে। 

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের মেধা, শ্রম ও উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে সম্মান জানাতে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মেগা রিয়েলিটি শো ‘কৃষিবীর’। 

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর সম্মানিত ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ সফিউল্লাহ মাজুমদার,  এসিআই ফার্টিলাইজার-এর উপনির্বাহী পরিচালক, কৃষিবিদ কে.বি.ডি. বশির আহমেদ। প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, আইফার্মার উপদেষ্টা কৃষিবিদ ড. ফাতেমা ওয়াদুদ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মাদ আকিকুল ইসলাম আকিক এবং অর্গানাইজার- মো: আবু তালেব মোল্লা লালন

​প্রতিযোগিতাটি প্রধানত তিনটি বিভাগে বিভক্ত থাকবে:
খামার: ডেইরি, পোল্ট্রি ও গবাদি পশু পালন।
মৎস্য: আধুনিক ও লাভজনক মাছ চাষ এবং ফিশারি ব্যবস্থাপনা।
চাষ: ফসল উৎপাদন, উদ্যানতত্ত্ব ও স্মার্ট কৃষি প্রযুক্তি।
​
​সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, "এই শো কেবল বিনোদনের জন্য নয়; বরং এটি আমাদের তরুণ প্রজন্মকে লাভজনক কৃষিতে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করবে এবং প্রান্তিক কৃষকদের কাজের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করবে।"
​প্রধান বিচারকের দায়িত্বে থাকা বিশিষ্ট কৃষিবিদরা জানান, মূল্যায়নের ক্ষেত্রে প্রতিযোগীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

​খুব শীঘ্রই দেশব্যাপী অডিশন ও রেজিস্ট্রেশনের নিয়মাবলী গণমাধ্যমে প্রকাশ করা হবে। আয়োজকরা আশা করছেন, ‘কৃষিবীর’ অনুষ্ঠানটি দেশের কৃষি খাতে একটি ইতিবাচক ও দূরদর্শী বিপ্লব ঘটাতে সক্ষম হবে।

​সংবাদ মাধ্যমের সহযোগিতায় ও প্রচারের জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

বিভি/ওএফ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত