ইন্দোরে দিলজিতের কনসার্টে হামলার হুমকি
ছবি: দিলজিৎ দোসাঞ্ঝ (সংগৃহীত)
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট হওয়ার কথা আগামী ১৫ নভেম্বর। এর আগেই ইমেইলে অনুষ্ঠানস্থলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই বার্তায় গোয়ালিয়র হাইকোর্টেও হামলার হুমকির উল্লেখ রয়েছে। এ ঘটনায় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০২৪ সালে ভারতের বিভিন্ন শহরে সংগীতানুষ্ঠান করতে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়েছিলেন এই গায়ক। তার কনসার্ট বাতিলের হুমকির পাশাপাশি নিষেধাজ্ঞা এসেছিলো ও।
২০২৬ সালের সংগীত সফরেও পিছু ছাড়ছে না এমন জটিলতা। দিল্লিতে ‘পাঞ্জাব দা পুত্তর’-এর কনসার্ট নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিলো। শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীর দর্শকদের গান শোনান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশ হাইকোর্টে পাঠানো একটি ইমেইলে দিলজিতের ইন্দোর কনসার্টে হামলার হুমকি দেওয়া হয়েছে। বার্তাটিতে গোয়ালিয়র হাইকোর্টকেও লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে। হুমকির উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে ইন্দোরের তিনটি বেসরকারি স্কুল ও মেয়রের কার্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর দিলজিতের কনসার্ট বাতিল হতে পারে বলেও গুঞ্জন ছড়ায়। তবে অনুষ্ঠান নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন গায়ক।
এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যে যাই বলুক, ইন্দোরে কনসার্ট আমি করবোই। আর ঠিক একই এনার্জি নিয়ে ইন্দোরের মঞ্চে ফিরবো।’
এর মধ্যেই নতুন করে হামলার হুমকি আসায় কনসার্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকিবার্তার নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ তদন্তকারী দল গঠন করেছে।
বিভি/এআই













মন্তব্য করুন: