• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পরবর্তী জেমস বন্ডের নাম প্রকাশ, কে এই রবার্ট প্যাটিনসন?

প্রকাশিত: ১০:৪৫, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৫০, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পরবর্তী জেমস বন্ডের নাম প্রকাশ, কে এই রবার্ট প্যাটিনসন?

ছবি: বিবিসি

‘টোয়াইলাইট’ ও ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার জন্য পরিচিত ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র ০০৭-এ অভিনয়ের জন্য জেমস বন্ডের তালিকার সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হলেন তিনি। ২০২৮ সালে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজের ২৬তম সিনেমায় দেখা যাবে তাকে।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেয় অ্যামাজন এমজিএম স্টুডিওস। পোস্টে ০০৭ চরিত্রে প্যাটিনসনের একটি ছবিও প্রকাশ করা হয়।

৪০ বছর বয়সী এই অভিনেতা এক বিবৃতিতে বলেন, ‘জেমস বন্ড চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

চরিত্রটির জন্য তাকে বেছে নেওয়ায় সিনেমাটির সৃজনশীল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্যাটিনসন। তিনি বলেন, ‘এই চরিত্রে অভিনয় করা স্বপ্নপূরণের চেয়েও বেশি কিছু। এই অসাধারণ দলের সঙ্গে কাজ শুরু করতে এবং সামনে এগিয়ে যেতে আমি আর অপেক্ষা করতে পারছি না।’

পরবর্তী বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। তবে এখনো সিনেমাটির নাম ও মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

ড্যানিয়েল ক্রেগের পর কে জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করবেন, তা নিয়ে কয়েক বছর ধরেই জল্পনা চলছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অডিশন ও স্ক্রিন টেস্টের পর এ চরিত্রের জন্য জশ ও'কনর, ক্যালাম টার্নার ও জ্যাক লোডেনের নামও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত পরিচিত ও বাণিজ্যিকভাবে সফল অভিনেতা প্যাটিনসনকেই বেছে নিয়েছে অ্যামাজন এমজিএম।

কে এই রবার্ট প্যাটিনসন?

১৯৮৬ সালের ১৩ মে লন্ডনে জন্মগ্রহণ করেন রবার্ট প্যাটিনসন। অভিনয়জগতে তার পরিচিতি শুরু হয় ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

তবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান ‘টোয়াইলাইট’ সিনেমা সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে। ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে পাঁচটি ‘টোয়াইলাইট’ সিনেমায় অভিনয় করেন তিনি। বিশ্বজুড়ে সিনেমাগুলো আয় করে ৩০০ কোটি ডলারের বেশি।

এরপর বড় বাজেটের সিনেমার পাশাপাশি স্বাধীন ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্রেও অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন প্যাটিনসন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য লাইটহাউস’, ‘গুড টাইম’, ‘দ্য রোভার’, ‘টেনেট’, ‘দ্য লস্ট সিটি অব জেড’ ও ‘মিকি ১৭’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েনের চরিত্রেও অভিনয় করেন তিনি।

এ ছাড়া ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমাতেও অভিনয় করেছেন প্যাটিনসন। আগামী মাসে মুক্তির অপেক্ষায় থাকা ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায় স্কাইটেল নামের এক নতুন খলচরিত্রে দেখা যাবে তাকে। এ সিনেমায় পরিচালক ভিলনভের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি।

বন্ড সিরিজে নতুন অধ্যায়

পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজি, ‘প্রিজনার্স’, ‘সিকারিও’, ‘অ্যারাইভাল’ ও ‘ব্লেড রানার ২০৪৯’-এর নির্মাতা ডেনিস ভিলনভ। অন্যদিকে চিত্রনাট্যকার স্টিভেন নাইট ‘পিকি ব্লাইন্ডার্স’ ও ‘হাউস অব গিনেস’ টেলিভিশন সিরিজের জন্য পরিচিত। ‘বার্ন্ট’, ‘স্পেনসার’ ও ‘লক’ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি।

প্যাটিনসনকে নতুন বন্ড হিসেবে স্বাগত জানিয়ে ভিলনভ বলেন, ‘০০৭ একজনই হতে পারেন। রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার মধ্যে বন্ডের চিরন্তন বৈশিষ্ট্য রয়েছে, পাশাপাশি তিনি চরিত্রটিতে একেবারেই নতুন এক আবহ নিয়ে আসবেন।’

সিনেমাটির প্রযোজক অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান বলেন, রবার্ট প্যাটিনসনের হাতে জেমস বন্ডের উত্তরাধিকার নিরাপদ। অভিনেতা হিসেবে তার নির্ভীকতা, আত্মরসিকতা এবং নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপনের ক্ষমতা তাকে বর্তমান সময়ের জন্য উপযুক্ত বন্ড করে তুলেছে।

বাকিংহাম প্যালেস থেকেও প্যাটিনসনকে স্বাগত জানানো হয়েছে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘মহামান্যের গোপন গোয়েন্দা বিভাগে স্বাগতম, মিস্টার বন্ড।’ ১৯৬৯ সালের ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ সিনেমায় জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা অস্ট্রেলীয় অভিনেতা জর্জ ল্যাজেনবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় প্যাটিনসনকে অভিনন্দন জানিয়েছেন।

জেমস বন্ড সিরিজের আগের ছয় অভিনেতা হলেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ। তাদের মধ্যে ক্রেগ ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ডের ভূমিকায় যাত্রা শুরু করেন। পাঁচটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ১৬ বছর এই চরিত্রে ছিলেন তিনি।

লেখক ইয়ান ফ্লেমিংয়ের উত্তরাধিকারীদের পক্ষ থেকেও প্যাটিনসনকে বন্ড পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানানো হয়েছে।

এর মধ্য দিয়ে জেমস বন্ড সিরিজে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। ২০২১ সালে ৮৫০ কোটি ডলারে এমজিএম স্টুডিওস কিনে নেয় অ্যামাজন। এর মাধ্যমে জেমস বন্ড সিরিজের সিনেমা বিতরণের স্বত্বও তাদের হাতে আসে। পরে ২০২৫ সালে দীর্ঘদিনের প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসন সিরিজটির সৃজনশীল নিয়ন্ত্রণ অ্যামাজন এমজিএমের কাছে হস্তান্তর করতে সম্মত হন।

১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমায় শন কনারির মাধ্যমে জেমস বন্ড চরিত্রের যাত্রা শুরুর পর থেকে কয়েক দশক ধরে ব্রকোলি পরিবারই সিরিজটির নিয়ন্ত্রণে ছিল। চরিত্র ও ব্র্যান্ডের স্বকীয়তা ধরে রাখতে তারা স্পিন-অফ ও লাইসেন্সিংয়ের মতো উদ্যোগ থেকে দূরে ছিল। তবে অ্যামাজনের নিয়ন্ত্রণে আসার পর সিরিজটিতে নতুন ধরনের বাণিজ্যিক উদ্যোগ দেখা যেতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

সূত্র: বিবিসি

বিভি/বিবিসি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত