পরিবার নিয়ে লাল গালিচায় ডেভিড বেকহাম, আবার কী ঘটলো?
ছবি: ডিএম
ছেলের অভিনয়জীবনের অভিষেক ঘিরে গর্বিত বাবা-মা ভিক্টোরিয়া ও ডেভিড বেকহাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে প্যারিসের ল্য গ্রঁ রেক্স প্রেক্ষাগৃহে রোমিও বেকহামের প্রথম সিনেমা ‘ফর্টি লাভ’-এর বিশ্ব প্রিমিয়ারে উপস্থিত হয়ে ছেলেকে উৎসাহ দিয়েছেন তারা। এ সময় রোমিওর পাশে ছিলেন তার প্রেমিকা কিম টার্নবুলও। পরিবারের সবাইকে একসঙ্গে লালগালিচায় দেখা যায়।
২৪ বছর বয়সী রোমিওর প্রথম সিনেমাটি ফরাসি ভাষার সমকামী প্রেমের গল্প। এতে পল কিরশারের অভিনীত সাশা গ্যালোর আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বী টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই পর্দায় রোমিওর সাহসী উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। ট্রেলারে পুরুষ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে চুম্বনদৃশ্যেও দেখা গেছে তাকে।
প্রিমিয়ারে ছেলেকে জড়িয়ে ধরে আদর করেন মা ভিক্টোরিয়া। পরে বাবা ডেভিডও তাকে আলিঙ্গন করেন। ভিক্টোরিয়ার পরনে ছিল কালো স্যুট ও পয়েন্টেড হিলস। ডেভিড পরেছিলেন স্যুটের সঙ্গে লম্বা লাল স্কার্ফ। অন্যদিকে কিম টার্নবুলের লাল সাটিনের গাউনও নজর কাড়ে।
সিনেমার গল্পে টেনিস কোর্টের দুই প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক ধীরে ধীরে শত্রুতা থেকে প্রেমে গড়ায়। তবে সেই প্রেমের গল্পে রয়েছে অন্ধকার ও রহস্যময় মোড়। একপর্যায়ে রোমিওর চরিত্রকে অচেতন অবস্থায় হোটেলে নিয়ে যেতে এবং পরে টেনিস কোর্টে নিথর পড়ে থাকতে দেখা যায়। সিনেমাটিতে পলের চরিত্র ফরাসি ভাষায় কথা বললেও রোমিওর সংলাপ ইংরেজিতে।
ছোটবেলায় ফুটবল থেকে সরে এসে ১২ বছর বয়সে টেনিসের প্রতি আগ্রহী হয়েছিলেন রোমিও। পেশাদার খেলোয়াড় না হলেও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন সিনেমায়। এর আগে ইভ সাঁ লোরাঁ, বালেনসিয়াগা ও বারবেরির মতো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০২৪ সালে বালেনসিয়াগার ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটার মধ্য দিয়ে তার মডেলিংয়ে নতুন অভিজ্ঞতা যোগ হয়।
ফ্যাশন ফটোগ্রাফার পিয়েরে-আঁজে কার্লোত্তি পরিচালিত ‘ফর্টি লাভ’ প্রযোজনা করেছে শি-ফু- মি প্রোডাকশনস, সহপ্রযোজনায় রয়েছে স্টুডিওক্যানাল। এতে আরও অভিনয় করেছেন গিয়োম কানে, বেঞ্জামিন ভয়াজাঁ ও ক্যাথরিন দনুভ। আগামী ২৫ নভেম্বর ফ্রান্সে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। আন্তর্জাতিক মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
সূত্র: ডেইলি মেইল
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: