• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গুলির ঘটনার পর কাজে ফিরলেন টাইগার শ্রফ

প্রকাশিত: ১৬:১১, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৮, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গুলির ঘটনার পর কাজে ফিরলেন টাইগার শ্রফ

মুম্বাইয়ে গুলির ঘটনার প্রায় এক মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ইনস্টাগ্রামে নিজের নতুন গানের টিজার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। ‘তেনু লেকে জানা’ শিরোনামের গানটির টিজার প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর প্রথম পোস্ট দিলেন অভিনেতা।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। ওই সময় ফুটবল মাঠ থেকে ফিরছিলেন অভিনেতা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনায় তার গাড়িচালক হাতে গুলিবিদ্ধ হন। কাছাকাছি থাকা এক ভক্তও আহত হন। এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটাই নীরব ছিলেন টাইগার।

সোমবার ইনস্টাগ্রামে নতুন গানের টিজার প্রকাশ করে সেই নীরবতা ভাঙেন অভিনেতা। ভিডিওতে কালো টাক্সেডো পরা অবস্থায় নিজের সুঠাম শরীর ও নাচের দক্ষতা তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ওয়ান মোর চান্স, ওয়ান মোর ড্যান্স’।

গানটিতে টাইগারের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে অভিনেত্রী কেতিকা শর্মাকে। টিজার প্রকাশের পর অভিনেতার বোন কৃষ্ণা শ্রফ আগুনের ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আলাদা মন্তব্যে লেখেন, ‘সে ফিরে এসেছে।’ ভক্তরাও টাইগারের প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেছেন।

টি-সিরিজের ব্যানারে আগামী ১৮ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘তেনু লেকে জানা’ গানটির। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘জয় বীরু’ সিনেমার ‘তেন্নু লে’ গানটির নতুন সংস্করণ এটি। মূল গানটি গেয়েছিলেন ওমর ইনায়াত।

এদিকে গুলির ঘটনার পর কাজে ফিরেছেন টাইগার। সম্প্রতি পুনেতে পরিচালক রাজ মেহতার আসন্ন সিনেমা ‘লাগ যা গালে’র জন্য অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে চার দিন গানের শুটিং করেছেন তিনি। তবে কাজের জায়গায় তার নিরাপত্তা এখনো জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

পুলিশের তদন্তে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে।

গুলির আতঙ্ক কাটিয়ে আবারও কাজ ও বিনোদনের জগতে ফিরছেন টাইগার। নতুন গানের মাধ্যমে ভক্তদের সামনে তার এই প্রত্যাবর্তন এখন আলোচনায়।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত